সংবাদদাতা, তেহট্ট: তেহট্ট থানার জাননগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যুর ঘটনায় থানায় অভিযোগ দায়ের করল পরিবার। উল্লেখ্য, ১জানুয়ারি তারু হালসানার(৭০) মৃতদেহ মাঠ থেকে উদ্ধার হয়। মঙ্গলবার বৃদ্ধের ছেলে আইনুল বারি হালসানা দু’জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। তাঁর অভিযোগ, অবৈধভাবে পুকুরের চারিদিক জিআই তার দিয়ে ঘিরে রাখা হয়েছিল। সেখান থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর বাবার মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। অভিযুক্তরা পলাতক। মৃতের ছেলে বলেন, ওইদিন সকালে বাবা মাঠে ছাগলের জন্য ঘাস আনতে গিয়েছিলেন। ওই তারের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই বাবার মৃত্যু হয়। অভিযুক্তরা বাবাকে সর্ষে খেতের মধ্যে চাদর ঢেকে ফেলে দিয়ে পালিয়ে যায়। আমরা সারাদিন বাবার খোঁজ পাইনি। পরে ওই অবস্থায় পড়ে থাকতে দেখি। নাজিরপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। অবৈধভাবে পুকুর পারে বিদ্যুৎ সংযোগের কারণে বাবার মৃত্যু হয়েছে। আমি দোষীদের উপযুক্ত শাস্তি চাই। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর অভিযোগ জানিয়েছি।



