নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: পরপর দু’দিন অভিযান চালিয়ে একাধিক জুয়ার ঠেক ভাঙল পুলিস। সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোম ও মঙ্গলবার তাহেরপুর থানা এলাকায় অভিযান চালায় পুলিস। তারা একাধিক জায়গায় জুয়ার ঠেকের সন্ধান পায়। এর মধ্যে প্রথমদিন বীরনগর দক্ষিণপাড়া এলাকার একটি অস্থায়ী ছাউনিতে অভিযান চালানো হয়। সেখানে রমরমিয়ে চলছিল জুয়ার বোর্ড। ঘটনাস্থল থেকেই চারজনকে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে উদ্ধার হয় প্রায় ১০ হাজার টাকা। মঙ্গলবার কৃষ্ণপুর চক উত্তরপাড়ায় একটি জুয়ার ঠেকে অভিযান চালিয়ে পুলিস তিনজনকে গ্রেপ্তার করে। উদ্ধার হয় প্রায় দেড় হাজার টাকা। প্রত্যেককেই তোলা হয়েছিল রানাঘাট মহাকুমা আদালতে। পুলিস জানিয়েছে, শুধুমাত্র তাহেরপুর থানা এলাকাই নয়, রানাঘাট পুলিস জেলার সর্বত্রই বেআইনি জুয়ার ঠেকের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে।



