Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / রাজ্য

দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনে সাইকেলে সওয়ার ৩০ হাজার কিমি রাস্তা পাড়ি দেবেন তিন যুবক

‘ভোলে বাবা পারে করেগা, নদী-নালা পারে করেগা।’ চারদিকে তখন ‘বোল বোম’, ‘হর হর মহাদেব’, ‘পার্বতী পতে হর হর মহাদেব’ ধ্বনি

দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনে সাইকেলে সওয়ার ৩০ হাজার কিমি রাস্তা পাড়ি দেবেন তিন যুবক
  • ২৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ঝালদা : ‘ভোলে বাবা পারে করেগা, নদী-নালা পারে করেগা।’ চারদিকে তখন ‘বোল বোম’, ‘হর হর মহাদেব’, ‘পার্বতী পতে হর হর মহাদেব’ ধ্বনি। সেই শিববন্দনাকেই সঙ্গী করে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার ভোরে এক কঠিন ও ব্যতিক্রমী অভিযানে বেরিয়ে পড়লেন পুরুলিয়া জেলার ঝালদা ১ নম্বর ব্লকের ইলু গ্রামের তিন যুবক। তাঁদের লক্ষ্য দেশের ১২টি জ্যোতির্লিঙ্গ, চার ধাম দর্শনের পাশাপাশি লাদাখ, নেপাল-সহ ভারতের বিভিন্ন প্রান্ত সাইকেলে করে ঘুরে দেখা। প্রায় ৩০ হাজার কিলোমিটারের এই যাত্রাপথ শেষ করতে সময় লাগতে পারে দেড় বছর।

Advertisement

যাত্রা শুরু করেন মনোজ মাহাতো, সুরেন মাহাতো ও তুফান মাহাতো। বাড়ি থেকে বেরোনোর আগে পরিবারের সদস্যদের প্রণাম করেন তাঁরা। গ্রামের মানুষ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীরা ফুল-মালা পরিয়ে শুভেচ্ছা জানান। অনেকেই মহাদেবের নাম করে তাঁদের নিরাপদ যাত্রার প্রার্থনা করেন। আবেগঘন পরিবেশেই শুরু হয় তিন বন্ধুর দীর্ঘ সফর। তিন যুবকের কথায়, এই সফরের মূল উদ্দেশ্য কেবল তীর্থদর্শন নয়। শিবের প্রতি অগাধ ভক্তি, বিশ্বাস ও আধ্যাত্মিক টান থেকেই তাঁরা এমন কঠিন পথ বেছে নিয়েছেন। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য, মানুষের জীবনযাত্রা এবং প্রাকৃতিক বৈচিত্র্যকে কাছ থেকে জানার ইচ্ছাও রয়েছে। ঝালদা তথা পুরুলিয়া জেলার পরিচিতিকে দেশের নানা প্রান্তে পৌঁছে দেওয়ার পাশাপাশি সকলের মঙ্গল কামনাই তাঁদের এই যাত্রার অন্যতম লক্ষ্য। দীর্ঘ সফরের কথা মাথায় রেখে সঙ্গে নিয়েছেন প্রয়োজনীয় পোশাক, ওষুধ, পরিচয়পত্র, সাইকেল মেরামতির সরঞ্জাম, মোবাইল, টর্চ, ক্যাম্পিংয়ের কিছু সামগ্রী এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। তবে পথের নানা প্রতিকূলতার কথা ভেবেই সাধারণ মানুষের সহযোগিতা ও শুভেচ্ছাকে সবচেয়ে বড় শক্তি বলে মনে করছেন তাঁরা। তাই ভক্তপ্রাণ মানুষজনের কাছে সহযোগিতার আবেদনও জানিয়েছেন। ঝালদা এলাকায় তিন যুবকের এই উদ্যোগ ঘিরে উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়দের মতে, বর্তমান সময়ে এত দীর্ঘ পথ সাইকেলে অতিক্রম করার সাহস দেখানো যেমন বিরল, তেমনই শিবভক্তির এমন নিদর্শনও সচরাচর দেখা যায় না। দেড় বছরের এই দীর্ঘ অভিযানে তাঁদের সাফল্য কামনা করছেন পরিবারের সদস্য থেকে শুরু করে গোটা পুরুলিয়াবাসী ।  সাইকেলে সওয়ার মনোজ মাহাতো, সুরেন মাহাতো ও তুফান মাহাতো। 

Advertisement
সম্পর্কিত সংবাদ