নিজস্ব প্রতিনিধি, হাওড়া: পাঁচতলার ফ্ল্যাটে খেলতে খেলতে খোলা জানালা দিয়ে নীচে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তিন বছরের এক শিশুর। মঙ্গলবার দুপুর ২টো নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে দাশনগরের বালিটিকুরির নস্করপাড়ায়। আশঙ্কাজনক অবস্থায় অভয় পোড়েল নামের ওই শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় তার। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। বালিটিকুরি নস্করপাড়ার একটি ফ্ল্যাটের পাঁচতলায় স্ত্রী ও ছেলেকে নিয়ে থাকেন সোমনাথ পোড়েল। এদিন দুপুরে বাড়িতেই ছিলেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁর তিন বছরের ছেলে ঘরে খাটে বসে খেলছিল। সেই সময় জানালার স্লাইডিং গ্লাস সরানো ছিল। পাশের ঘরে ডাইনিং টেবিলে বসে খাচ্ছিলেন সোমনাথবাবু। তাঁকে খেতে দিয়ে হাত ধুতে গিয়েছিলেন স্ত্রী। তখন আচমকা জানালা দিয়ে ঝুঁকতে গিয়ে সোজা নীচে গিয়ে পড়ে যায় শিশুটি। রাস্তায় সশব্দে আছড়ে পড়ায় চিৎকার করে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। রক্তাক্ত অবস্থায় শিশুটিকে নিয়ে যাওয়া হয় আন্দুল রোডে একটি বেসরকারি হাসপাতালে। সেখানে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করলেও সন্ধ্যার দিকে মৃত্যু হয় তার। চিকিৎসকরা জানিয়েছেন, ভয়ানক আঘাত ও অত্যধিক রক্তক্ষরণের কারণেই মৃত্যু হয়েছে ওই শিশুটির। এই ঘটনার পরেই কার্যত বাকশক্তি হারিয়েছেন অভয়ের বাবা-মা। ঘটনাস্থলে আসে দাশনগর থানার পুলিস। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন হাওড়া সিটি পুলিসের এক আধিকারিক। প্রত্যক্ষদর্শী কয়েকজন মহিলা বলেন, ‘ওই ফ্ল্যাটের নীচেই গল্প করছিলাম আমরা। আচমকা বাচ্চাটি উপর থেকে নীচে এসে পড়ল। এমন মর্মান্তিক ঘটনা সহ্য করা যায় না।’



