নিজস্ব প্রতিনিধি, হাওড়া: দুর্ঘটনার কবলে পড়ে জখম হল তিন ছাত্রী। ঘটনাটি হাওড়ার। যাত্রীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় টোটো। সজোরে ধাক্কা মারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মুরগি বোঝাই গাড়িতে। আহত হয় টোটোয় থাকা তিন স্কুলছাত্রী। বৃহস্পতিবার সকালে দাশনগরের বালিটিকুড়িতে দুর্ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায়। আহত তিন ছাত্রীকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জখম হয়েছেন টোটো চালকও। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে দাশনগর থানার পুলিশ।
দাশনগরের চপলা দেবী বালিকা বিদ্যালয়ের ওই তিন ছাত্রী এদিন টোটোয় চেপে স্কুলে যাচ্ছিল। বালিটিকুড়িতে এক যাত্রীকে বাঁচাতে গিয়ে টোটোটি নিয়ন্ত্রণ হারায় বলে চালকের দাবি। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মুরগি বোঝাই গাড়িতে গিয়ে ধাক্কা মারে। ধাক্কার জেরে তিন ছাত্রী আহত হয়। কারও মাথায়, কারও মুখে আঘাত লাগে। হাসপাতালে বসে আতঙ্কের কথা জানায় ছাত্রী কুসুম দাস। তার কথায়, ‘টোটোর চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িতে ধাক্কা মারে। কারও মাথায়, কারও মুখে আঘাত লেগেছে। খুব ভয় পেয়ে গিয়েছিলাম।’ আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জখম টোটোচালককেও চিকিৎসা করানো হয়েছে। পরে তাঁকে আটক করে দুর্ঘটনার কারণ জানতে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। এই ঘটনায় ফের প্রশ্নের মুখে পড়েছে বালিটিকুড়ির রাস্তার পরিস্থিতি এবং নিয়ন্ত্রণহীন টোটো চলাচল।