সংবাদদাতা, শিলিগুড়ি: পুজোয় পাহাড়ে ঘুরতে আসা পর্যটকদের জন্য উপহার ঘোষণা করল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বা ডিএইচআর। ২০ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে তিনটি বিশেষ জয় রাইড। এতে হেরিটেজ টয় ট্রেনে চেপে সমতল থেকে পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য, চা বাগান, জঙ্গল সবই উপভোগ করতে পারবেন পর্যটকরা। পাশাপাশি, তাঁদের জন্য থাকবে স্থানীয় প্রচলিত আকর্ষণীয় খাবারের সম্ভার। সব মিলিয়ে পুজোর ভ্রমণে আসা পর্যটকদের নতুন অভিজ্ঞতা হবে বলে জানান ডিএইচআরের ডিরেক্টর ঋষভ চৌধুরী।
গত ২৩ আগস্ট ছিল ডিএইচআরের প্রতিষ্ঠা দিবস। ১৪৫ বছর আগে ওই দিনে শিলিগুড়ি টাউন স্টেশন থেকে কার্শিয়াং পর্যন্ত প্রথম টয় ট্রেন চলেছিল। দিনটি উদযাপন করতে স্থানীয় একটি বৃদ্ধাশ্রমের প্রবীণ মহিলাদের জন্য স্টিম ইঞ্জিন চালিত টয় ট্রেনে ভ্রমণের আয়োজন করা হয়েছিল। দার্জিলিং থেকে ঘুম ও পুনরায় দার্জিলিং পর্যন্ত ওই সফর ছিল। আবাসিকদের অনেকের কাছে সেটি ছিল জীবনের প্রথম টয় ট্রেন যাত্রা।
তিনটি নতুন জয় রাইডের প্রথমটি ‘টি অ্যান্ড টিম্বার স্পেশাল’। শিলিগুড়ি-রংটংয়ের মধ্যে প্রতি শুক্র, শনি ও রবিবার চলবে। বেলা ১২টায় শিলিগুড়ি থেকে রওনা দিয়ে দেড়টায় রংটং পৌঁছবে ট্রেনটি। সেখানে চার ঘণ্টা ঘোরার সুযোগ পাবেন পর্যটকরা। হাতের কাছেই রয়েছে চা বাগান। সেখানে চা ফ্যাক্টরি পরিদর্শন, পাতা তোলার অভিজ্ঞতা হবে। মধ্যাহ্নভোজে থাকবে স্থানীয় খাবার।
দ্বিতীয় জয় রাইডটি ‘দার্জিলিং-কার্শিয়াং স্টিম ইঞ্জিন স্পেশাল’। প্রতি শনিবার দার্জিলিং থেকে কার্শিয়াং রওনা হবে স্টিম ইঞ্জিন চালিত এই প্রিমিয়াম ট্রেন। রবিবার কার্শিয়াং থেকে দার্জিলিং ফিরে আসবে। এই যাত্রায় নিয়মিত স্টেশন ছাড়াও প্রধান পর্যটন, দর্শনীয় স্থানগুলিতে থামবে ট্রেনটি। পর্যটকরা সংশ্লিষ্ট এলাকা ঘুরে দেখতে পারবেন।
তৃতীয় জয় রাইড ‘কার্শিয়াং-মহানদী সানরাইজ স্পেশাল’। প্রতি রবিবার সকাল সোয়া সাতটায় কার্শিয়াং থেকে রওনা দেবে। সকাল ১০টায় মহানদী থেকে কার্শিয়াংয়ে ফিরে আসবে। সকালে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার সুযোগ করে দিতেই এই পরিষেবা বলে জানান ঋষভ। বলেন, কিছুদিনের মধ্যেই এই তিনটি জয় রাইডের ভাড়ার তালিকা প্রকাশ করা হবে। ফাইল চিত্র।