সংবাদদাতা, বাগডোগরা: জাল আধার কার্ড তৈরির অভিযোগে মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ অভিযান চালিয়ে দুই বাংলাদেশি সহ তিন জনকে গ্রেপ্তার করেছে। সেইসঙ্গে তাদের হেপাজত থেকে জাল আধার কার্ড, কাস্ট সার্টিফিকেটের ফর্ম ও ল্যাপটপ সহ একাধিক নথি উদ্ধার হয়েছে। সোমবার সুকনা সেনা গোয়েন্দা সূত্রে খবর পেয়ে মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ আঠারোখাই অঞ্চলের শিশাবাড়িতে একটি বাড়িতে অভিযান চালায়। সেখানে রিপন রায় নামে এক ব্যক্তি ১০-১২ বছর ধরে এই কারবার চালাচ্ছিল বলে পুলিশের কাছে খবর আসে। যদিও পুলিশি অভিযানের আগেই পালিয়ে যায় মূল অভিযুক্ত রিপন। তবে ঘটনাস্থল থেকেই দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশ। সেই বাড়িতেই আশ্রিত ছিল তারা। পুলিশ জানিয়েছে, ধৃতরা হল লিট্ট মহন্ত, সুশীল রায়। দু’জনই বাংলাদেশের কিশেরগঞ্জের বাসিন্দা। পাশাপাশি রিপনের স্ত্রী পবিত্রা রানি রায়কেও গ্রেপ্তার করেছে পুলিশ। এদিন রিপনের বাড়ি থেকে পুলিশ আটটি আধার কার্ড, ১২টি নথি সহ ফর্ম, ২২টি কাস্ট সার্টিফিকেটের ফর্ম, দু’টি ল্যাপটপ, একটি মোবাইল ও একটি প্রিন্টার উদ্ধার করেছে। রিপন বাড়িতে বসেই ১০ হাজার টাকার বিনিময়ে বাংলাদেশিদের জাল আধার কার্ড বানিয়ে দিত। এছাড়াও জানা গিয়েছে, রিপনের এসআইআরে ভোটার তালিকায় নাম বাদ গিয়েছে। সেনা গোয়েন্দা ও পুলিশের অনুমান, রিপন বাংলাদেশে নিয়মিত যোগাযোগ করে বাংলাদেশিদের ভারতে প্রবেশ করিয়ে নিজের বাড়িতেই আশ্রয় দিত। এরপর তাদের জাল আধার কার্ড ও নথি তৈরি করে দিত। এই চক্রে আরও কেউ জড়িত থাকতে পারে বলে অনুমান। মাটিগাড়া থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে। নিজস্ব চিত্র



