


নিজস্ব প্রতিনিধি, তমলুক: ১৪ ফেব্রুয়ারি, প্রেম দিবস। দিনটিকে মাহেন্দ্রক্ষণ ধরে প্রেমিকের হাত ধরে পালিয়ে গিয়েছিল তিন নাবালিকা। নবম ও দশম শ্রেণিতে পড়া ওই ছাত্রীরা কেউ স্কুল, আবার কেউ টিউশন পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। তারপর আর ফেরেনি। বাড়ির লোকজন আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করার পর থানায় হাজির হয়েছিলেন। প্রত্যেকের বয়ান এক, পড়তে যাওয়ার কথা বলে বেরিয়ে মেয়ে উধাও। খোঁজ খবর নিয়ে পুলিশ জানতে পারে, প্রেমিকদের হাত ধরে প্রেম দিবসে পগারপার। বৃহস্পতিবার ভূপতিনগর থানার খালিয়া, বহিচবেড়িয়া ও পটাশপুর থেকে ভূপতিনগর থানার গোবিন্দচক গ্রামের এক নাবালিকাকে উদ্ধার করা হয়।
জানা গিয়েছে, কাঁথি থানার বিশ্বনাথপুর গ্রামের এক ছাত্রীর সঙ্গে ভূপতিনগর থানার অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের খালিয়া গ্রামের ২০ বছরের এক যুবকের প্রেমের সম্পর্ক তৈরি হয়। প্রেম দিবসে ওই ছাত্রী নিখোঁজ হয়। এনিয়ে কাঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। বৃহস্পতিবার খালিয়া গ্রাম থেকে ওই নাবালিকাকে উদ্ধার করা হয়। সেইসঙ্গে সঞ্জয় মণ্ডল নামে ওই প্রেমিককেও গ্রেপ্তার করে পুলিশ। আপাতত শ্রীঘরে ওই যুবক।
এদিন ভূপতিনগর থানার বহিচবেড়িয়া গ্রাম থেকে আরও এক নাবালিকা উদ্ধার হয়। ১৪ ফেব্রুয়ারি গোড়াবাড় গ্রামের ১৫ বছরের ওই স্কুলছাত্রী নিখোঁজ হয়। বাড়ির লোকজন থানায় অভিযোগ দায়ের করেন। খোঁজখবর নিয়ে জানা যায়, বঁইচবেড়িয়া গ্রামেরই এক যুবকের সঙ্গে ভাব ভালোবাসার সম্পর্কে জড়িয়ে ওই নাবালিকা স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে বেপাত্তা হয়ে যায়। নাবালিকা উদ্ধার হলেও প্রেমিক পলাতক। ভূপতিনগর থানার গোবিন্দচক গ্রামের এক নাবালিকাকে ফুঁসলিয়ে নিয়ে চলে গিয়েছিল পটাশপুরের এক যুবক। এদিন সেই নাবালিকাকেও উদ্ধার করেছে পুলিশ। তবে, অভিযুক্ত যুবক পলাতক।
প্রেম দিবসে বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনকভাবে উধাও হয়ে যায় চণ্ডীপুর থানার বরাহচণ্ডী গ্রামের এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। হাঁসচড়া স্কুলে তাঁর পরীক্ষার সেন্টার পড়েছিল। বাড়ির লোকজন চারিদিকে খোঁজখবর করেও মেয়ের খোঁজ না পেয়ে শেষপর্যন্ত থানার দ্বারস্থ হন। খোঁজখবর করে পুলিশ জানতে পারে, নন্দকুমার থানার পাণ্ডববসান গ্রামের এক যুবকের হাত ধরে চম্পট দিয়েছে ওই পরীক্ষার্থী। সেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করে। তারপর পুলিশের পাহারায় সোমবার ওই ছাত্রী উচ্চ মাধ্যমিক সেন্টারে গিয়ে পরীক্ষা দেয়।
নন্দকুমার থানার কুমারচক গ্রামের এক নাবালিকা ১৪ ফেব্রুয়ারি পটাশপুর থানার অমর্ষি এলাকার যুবকের সঙ্গে চম্পট দেয়। নন্দকুমার থানার পুলিশ দু’দিন আগে ওই ছাত্রীকে উদ্ধার করে আনে। বুধবার ফের সেই ছাত্রী বাড়ি থেকে চম্পট দিয়েছে।