Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় পথ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার তিনটি জায়গায় পৃথক তিনটি পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের।

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়  পথ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু
  • ৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর ও বারাসত ও সংবাদদাতা, কাকদ্বীপ: উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার তিনটি জায়গায় পৃথক তিনটি পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। শুক্রবার ভোর ৫টা নাগাদ উত্তর ২৪ পরগনার টিটাগড় বাজারের কাছে বি টি রোডের উপর লরির ধাক্কায় মৃত্যু হয় বছর ৪৫-এর এক ব্যক্তির। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতার দিক থেকে লরিটি বারাকপুরের দিকে যাচ্ছিল। টিটাগড় বাজারের কাছে ওই ব্যক্তি রাস্তা পেরতে গেলে দ্রুত গতিতে ছুটে আসা লরিটি তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। চালককে গ্রেপ্তারের পাশাপাশি ঘাতক লরিটি আটক করেছে টিটাগড় থানার পুলিস। এই ঘটনার ফলে কিছুক্ষণের জন্য বি টি রোডে যান চলাচল ব্যাহত হয়। পুলিস জানিয়েছে, ওই ব্যক্তি একজন ভবঘুরে। এদিন সন্ধ্যা পর্যন্ত তাঁর নাম-ঠিকানা কিছুই জানা যায়নি।

Advertisement

দক্ষিণ ২৪ পরগনায় কাকদ্বীপের হারউড পয়েন্টে কোস্টাল থানার করবাড়ি এলাকায় এদিন বিকেলে এক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক যুবকের। গুরুতর জখম হয়েছেন তাঁর স্ত্রী। ঘটনাটি ঘটে ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর। পুলিস জানিয়েছে, মৃত যুবকের নাম শম্ভুনাথ মিস্ত্রি (৪৮)। বাড়ি কাকদ্বীপের পূর্ব ময়নাপাড়ায়। এদিন বিকেল ৪টে নাগাদ স্ত্রীকে বাইকের পিছনে বসিয়ে নামখানার দিকে যাচ্ছিলেন শম্ভুনাথ। নামখানার দিক থেকে একটি লরি কাকদ্বীপের দিকে আসছিল। করবাড়ি এলাকায় লরিটি বাইকে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা দু’জনকে উদ্ধার করে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে শম্ভুনাথকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তাঁর স্ত্রী কাকদ্বীপ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চালক সহ লরিটি পুলিস আটক করেছে।
এদিকে, উত্তর ২৪ পরগনার দেগঙ্গার এক বৃদ্ধ সপ্তাহখানেক আগে এক পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন। শুক্রবার তাঁক মৃত্যু হয়। মৃতের নাম অঞ্জন কর্মকার (৬৫)। জানা গিয়েছে, ডেকরেটর্সের ব্যবসায়ী অঞ্জনবাবু গত রবিবার ব্যবসায়িক কাজে ভাসলিয়া গিয়েছিলেন। কাজ শেষে রাস্তার ধারে দাঁড়িয়ে এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন তিনি। সেই সময় দ্রুত গতিতে আসা একটি ট্রাক তাঁকে ধাক্কা মেরে চলে যায়। কলকাতার পিজি হাসপাতালে চিকিৎসা চলাকালীন শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ