নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হুগলির তারকেশ্বরে অনুষ্ঠিত হতে চলেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) তিন দিনের ‘প্রচারক বর্গ’। আগামী ১০, ১১ এবং ১২ সেপ্টেম্বর তারকেশ্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই বর্গে রাজ্যের তিন বঙ্গ— উত্তর, দক্ষিণ এবং মধ্যবঙ্গ থেকে প্রচারকরা যোগ দেবেন। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের প্রচারকদের পাশাপাশি এই বর্গে অংশ নেবেন ওড়িশার প্রচারকরাও। দুই রাজ্যের প্রচারকদের নিয়ে সাংগঠনিক নানা বিষয়, কাজের পর্যালোচনা এবং আগামী দিনের কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা হবে বলে সংগঠন সূত্রে খবর।
প্রসঙ্গত, আরএসএসের সাংগঠনিক কাঠামোয় প্রচারকদের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। সংগঠনের কাজকে বিভিন্ন এলাকায় এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও প্রচারকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাঁদের নিয়ে আয়োজিত বর্গে সংগঠনের কাজের বর্তমান পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যতের পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। এবার তারকেশ্বরের বর্গে পশ্চিমবঙ্গের তিনটি বঙ্গের প্রচারকদের সঙ্গে ওড়িশার প্রচারকদেরও একসঙ্গে রাখা হয়েছে। বাংলায় রাজনৈতিক পালাবদলের পর প্রতিবেশী দুই রাজ্যের প্রচারকদের নিয়ে আরএসএসের তিন দিনের এই কর্মসূচি বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। ইতিমধ্যে এই কর্মসূচি ঘিরে শুরু হয়েছে সাংগঠনিক প্রস্তুতিও।