পরপর তিন ঘূর্ণিঝড় আছড়ে পড়বে অন্ধ্র উপকূলে, চার দশকে দ্বিতীয়বার
  • ১৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অন্ধ্রপ্রদেশ উপকূলের নেলোর ও টুনির মধ্যবর্তী কোনো জায়গায় ২০ নভেম্বর শুক্রবার দুপুরের মধ্যে খুব তীব্র ঘূর্ণিঝড় ‘আকভান’ আছড়ে পড়বে। অক্টোবর-নভেম্বরে দিন কুড়ি সময়ের মধ্যে এটা তৃতীয় ঘূর্ণিঝড় যা অন্ধ্র উপকূল অতিক্রম করবে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, ১৯৮৭ সালে শেষ এরকম হয়েছিল। সেবারও অক্টোবর-নভেম্বরে ৩টি ঘূর্ণিঝড় অন্ধ্র উপকূলে আছড়ে পড়েছিল। অন্ধ্র উপকূলের যে জায়গায় আকভান আছড়ে পড়বে বলে মনে করা হচ্ছে তার কাছাকাছি গত ২৮ অক্টোবর একই তীব্রতার ঘূর্ণিঝড় অর্ণব আছড়ে পড়েছিল। তার চারদিনের মাথায় অন্ধ্র উপকূলে আছড়ে পড়ে তীব্র ঘূর্ণিঝড় মুরাশু। 

Advertisement

দুটি ঘূর্ণিঝড়ে অন্ধ্র ও লাগোয়া ওড়িশার বেশ কিছু জায়গায় দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বেশ কয়েকজনের প্রাণহানি হয়েছে। অন্ধ্র সরকারের তরফে বলা হয়েছে, শুধু ফসলের ক্ষতি হয়েছে ৭ হাজার কোটি টাকার। কয়েক লক্ষ একর চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। কেন্দ্রীয় সরকারের কাছে বিশেষ সহায়তা চেয়েছে রাজ্য প্রশাসন। নতুন ঘূর্ণিঝড়ের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে। ঘূর্ণিঝড় মোকাবিলায় নেমে পড়েছে অন্ধ্র সরকার। সম্ভাব্য দুর্যোগ কবলিত এলাকা থেকে লোকজনকে সরানো, ত্রাণ সামগ্রী প্রস্তুত রাখার কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। 
ঘূর্ণিঝড় মোকাবিলায় ভারতের কাজের সম্প্রতি বিশেষ প্রশংসা করেন বিশ্ব আবহাওয়া সংস্থার সেক্রেটারি জেনারেল সেলেস্টা সাউলো। ঘূর্ণিঝড়ের সঠিক পূর্বাভাস দেওয়ার পাশপাশি দুর্যোগ মোকাবিলার কাজের তিনি প্রশংসা করেন। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে একাধিকবার বলা হয়েছে, ঘূর্ণিঝড়ে মৃত্যু যাতে একটিও না-হয় সেটা‌ই প্রধান লক্ষ্য। কিন্তু পূর্বাভাস একদম সঠিক হলেও মৃত্যু পুরোপুরি বন্ধ করা যায়নি। এবারও অন্ধ্র এবং ওড়িশায় বেশকিছু মানুষ মারা গিয়েছেন। আবহাওয়াবিদরা বলছেন, প্রশাসনিক উদ্যোগ নেওয়ার পাশাপাশি মানুষকে ঘূর্ণিঝড়ের ব্যাপারে আরও সচেতন হতে হবে। 
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এদিন সন্ধ্যায় জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সোমবারই ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে। আজ মঙ্গলবার তা শক্তি বৃদ্ধি করে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তারপর শক্তি আরও বাড়িয়ে বৃহস্পতিবার রাত নাগাদ অন্ধ্র উপকূলের কাছে তা খুব তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, শক্তিশালী ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব প্রায় ১ হাজার কিমি পর্যন্ত বিস্তৃত হয়। ঘূর্ণিঝড়ের বাইরের দিকের অংশ থেকে কিছু মেঘ দক্ষিণবঙ্গের দিকে ভেসে আসার জন্য বৃষ্টি হবে এখানে। বুধবার থেকে শনিবার পর্যন্ত এর প্রভাব থাকবে দক্ষিণবঙ্গে। বেশি প্রভাব পড়বে বৃহস্পতি ও শুক্রবার। তবে উপকূল অতিক্রম করার পর পশ্চিমি শুষ্ক হাওয়া এখন সক্রিয় হয়ে ওঠায় আগের দুটি ঘূর্ণিঝড়ের মতো বেশি বৃষ্টি সরাসরি প্রভাবিত এলাকায় নাও হতে পারে।