সংবাদদাতা, বালুরঘাট: দুর্গাপুজোর উৎসবকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্ট ছড়ানোর চেষ্টার অভিযোগ। এই ঘটনায় দক্ষিণ দিনাজপুরে তিন যুবককে গ্রেপ্তার করল পুলিশ। তারা একটি চক্রের সাথে জড়িত, যারা সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ও বিভ্রান্তিমূলক পোস্ট করে উস্কানির চেষ্টা করত বলে অভিযোগ।
এই ঘটনার পিছনে বিদেশি, এমনকী বাংলাদেশি যোগ রয়েছে বলেই সন্দেহ জেলা পুলিশের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে রয়েছেন কুমারগঞ্জের রেহান আলি ও সুমন রায় এবং গঙ্গারামপুরের সিদ্দিক আলি মিয়া। অভিযোগ, তাঁরা সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর ও ভুয়ো পোস্ট ছড়িয়ে উত্তেজনা তৈরির চেষ্টা করছিলেন। দুর্গাপুজোর সময় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করারও চেষ্টা চলছিল বলে তদন্তে উঠে এসেছে। সম্প্রতি কুমারগঞ্জে এই ধরনের পোস্ট নজরে আসে পুলিশের। ঘটনার তদন্তে নেমে কুমারগঞ্জ থানার পুলিশ ওই তিন জনকে গ্রেপ্তার করে। তদন্তকারীদের দাবি, অভিযুক্তদের সোশ্যাল মিডিয়া কার্যকলাপ খতিয়ে দেখার পাশাপাশি তাঁদের আর্থিক লেনদেনও পরীক্ষা করা হচ্ছে। তদন্তে তাঁদের অ্যাকাউন্টে অস্বাভাবিকভাবে টাকা ঢোকার তথ্য সামনে এসেছে। কোথা থেকে ওই টাকা এসেছে এবং কারা পাঠিয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপারের অফিসে সাংবাদিক বৈঠক করেন পুলিশ সুপার অভিষেক গুপ্ত। তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় উস্কানি ছড়ানোর চেষ্টা করা হচ্ছিল বলে তদন্তে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এই চক্রের পিছনে বিদেশি যোগ থাকার সন্দেহও রয়েছে। সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সুপার আরও জানান, ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। তাঁদের ১৪ দিনের পুলিশি রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ও উস্কানিমূলক পোস্টের পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, কোথা থেকে অর্থের জোগান এসেছিল এবং এই চক্রের সঙ্গে বিদেশের কোনও যোগাযোগ রয়েছে কি না সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।



