নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: চলন্ত ট্রেন লক্ষ্য করে ছোড়া পাথরের আঘাতে মাথায় গুরুতর চোট পেলেন এক যাত্রী। সোমবার রাতে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের সরডিহা ও বাঁশতলা স্টেশনের মাঝে ঘটনাটি ঘটে। আহত যাত্রী অমৃক সিং (২৮) ঝাড়খণ্ডের টাটানগরের বাসিন্দা। তিনি বর্তমানে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়া থেকে স্টিল এক্সপ্রেসে টাটানগর ফিরছিলেন অমৃক। রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ট্রেনটি সরডিহা পেরিয়ে বাঁশতলার দিকে যাওয়ার সময় জানালার পাশে বসে থাকা অমৃকের কানের উপরে পাথর এসে লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে ঝাড়গ্রাম স্টেশনে উদ্ধার করে আরপিএফ ও রেলে্য কর্মীরা হাসপাতালে নিয়ে যায়।
ঘটনায় রেলের যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পশ্চিমবঙ্গ নিত্যযাত্রী সমিতির ঝাড়গ্রাম জেলা সম্পাদক সৌগত মাহাতো ঘটনার তদন্ত করে দোষীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে বিষয়টি উদ্বেগজনক। খড়গপুর ডিভিশনের সিনিয়র কমার্শিয়াল ম্যানেজার নিশান্ত কুমার বলেন, 'ট্রেনকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হলে আমরা কড়া আইনি ব্যবস্থা নিয়ে থাকি। জায়গাটিকে চিহ্নিত করার পর স্থানীয় মানুষজনকে সচেতন করা হয়। এই ধরনের ঘটনার সঙ্গে শিশুরা জড়িত থাকলে সেক্ষেত্রে তাদের মা-বাবাকেও সচেতন করা হয়। খড়গপুর ডিভিশনের ঝাড়গ্রাম জেলায় এই ঘটনা এই প্রথম। তবে আরপিএফ ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেবে। অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে'।



