Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ডোমকলে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার তিন

রান্নার কাজ পাইয়ে দেওয়ার নাম করে এক যুবতীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে ব্যাপক শোরগোল পড়েছে।

ডোমকলে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার তিন
  • ২৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ডোমকল: রান্নার কাজ পাইয়ে দেওয়ার নাম করে এক যুবতীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে ব্যাপক শোরগোল পড়েছে। অভিযোগ হতেই ডোমকল থানার পুলিশ তদন্তে নেমে মঙ্গলবার তিনজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম বাসু মণ্ডল, রফিকুল মণ্ডল ও সুজন মোল্লা। তাদের বাড়ি ডোমকল থানা এলাকাতেই। ঘটনায় বাকি অভিযুক্তদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। জানা গিয়েছে, ওই যুবতীর স্বামী ভিনরাজ্যে শ্রমিকের কাজ করেন। অভিযোগ, রান্নার কাজ পাইয়ে দেওয়ার নাম করে গত ৪ মার্চ ধৃতদের মধ্যে একজন ওই যুবতীকে ডেকে নিয়ে যায়। তার কথায় বিশ্বাস করে নির্দিষ্ট জায়গায় যান ওই মহিলা। অভিযোগ, সেখানে পৌঁছানোর পর ওই ব্যক্তি পূর্ব পরিকল্পিতভাবে আরও চারজনকে ডেকে নেয়। প্রথমে ওই মহিলা বিষয়টি বুঝতে পারেননি। তিনি ভেবেছিলেন, সবাই মিলে কোথাও রান্নার কাজে যাবেন। কিন্তু, অভিযুক্তরা অস্ত্র দেখিয়ে তাঁকে ভয় দেখাতে শুরু করে। তাঁর অভিযোগ, অভিযুক্তরা তাঁকে একটি পরিত্যক্ত ইটভাটা সংলগ্ন জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। অভিযুক্তরা সেই ঘটনার ভিডিও মোবাইলে রেকর্ড করে রাখে এবং কাউকে কিছু বললে, তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়। ঘটনার আড়াই মাসেরও বেশি সময় পর তিনি ডোমকল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তারপরই তদন্ত শুরু করে পুলিশ। তিনজনকে গ্রেপ্তার করে। ঘটনায় বাকি দুই অভিযুক্তের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। যুবতীর বাবা বলেন, আমার মেয়ের সঙ্গে এইরকম ঘটনা ঘটে যাবে ভাবতে পারিনি। জামাই কেরলে থাকে। মেয়েকে কাজ দেবে বলে ডাকে নিয়ে গিয়েছিল ওদের মধ্যে একজন। এরপরই সবাই মিলে মেয়েকে ইটভাটায় তুলে নিয়ে যায়। মেয়ের কোলে ছোট্ট নাতি ছিল। তার সামনেই মেয়ের সঙ্গে এইরকম ন্যাক্কারজনক কাজ করা হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ