


পাটনা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর হামলার ষড়যন্ত্র। এই অভিযোগে বিহারের বক্সার জেলা থেকে গ্রেপ্তার তিন যুবক। পুলিশের দাবি, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে গোপন তথ্য সংগ্রহের চেষ্টা করছিল তারা। এমনকি, ফান্ডের জন্য তারা যোগাযোগ রাখছিল বিদেশি গোয়েন্দা সংস্থাগুলির সঙ্গে। তাদের কাছে গোপন তথ্যও ফাঁস করত অভিযুক্তরা। বিহার পুলিশ জানিয়েছে, ডুমরাঁও মহকুমার সিমরি থানা এলাকার আশা পরারি গ্রাম থেকে তিনজনকে আটক করা হয়। তদন্তকারীদের দাবি, আগামী তিন সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রীর উপর হামলার পরিকল্পনা করেছিল তারা। বুধবার গভীর রাতে অভিযুক্তদের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। উদ্ধার হয় ল্যাপটপ ও বেশ কয়েকটি বৈদ্যুতিন যন্ত্রপাতি। বক্সার পুলিশ সুপার শুভম আর্য জানান, গোপন সূত্রে খবর পাওয়ার পর বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়। এরপরই অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় অমল কুমার তিওয়ারি সহ তিনজনকে। একটি সাইবার ক্যাফে চালাত অমল। এর আগেও একটি সাইবার প্রতারণা মামলায় গ্রেপ্তার হয়েছিল সে। এছাড়া ২০২২ সালে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে কম্পিউটার সিস্টেম হ্যাক করার হুমকি দেওয়ার অভিযোগেও নাম জড়িয়েছিল অমলের।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ল্যাপটপ সহ অন্যান্য ডিভাইসগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে পরিবার। ধৃতের বাবা গণেশ তিওয়ারি ও মা গীতা দেবী জানিয়েছেন, তাঁদের ছেলে কোনো বেআইনি কাজে জড়িত থাকতে পারে না। গীতা দেবীর দাবি, সাদা পোশাকে কয়েকজন এসে অমলকে সঙ্গে নিয়ে চলে যায়।