নিজস্ব প্রতিনিধি, বারাসত: বাড়িতে ব্যবহার করার রান্নার গ্যাস বেআইনিভাবে ব্যবসায় লাগানোর অভিযোগ। শুক্রবার রাতে এজন্য আমডাঙার আড়খালি গ্রামে ফ্যাক্টরি থেকে পুলিশের হাতে গ্রেফতার একই পরিবারের তিনজন। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সোয়েব মণ্ডল, লিয়াকত মণ্ডল ও রহিম মণ্ডল। ফ্যাক্টারি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে গ্যাস ভরার পাম্প, ১৮টি ডোমেস্টিক সিলিন্ডার। একইসঙ্গে উদ্ধার হয়েছে নামী এলপিজি কোম্পানির স্টিকার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৪ কিলো ওজনের ডোমেস্টিক গ্যাস কারচুপি করে ১৯ কিলোর কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারে ভরে শহরের দোকানে পাঠানো হতো। বাকিটা সাদা অথবা লাল বালি ভরে দিয়ে ওজনে সমান করে দেওয়া হতো। দীর্ঘদিন ধরে এই রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন অভিযুক্তরা। এনিয়ে দীর্ঘদিন ধরে পুলিশের কাছে অভিযোগও আসছিল। অবশেষে শুক্রবার গভীর রাতে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে। ধৃত তিনজনকে শনিবার বারাসত আদালতে তোলা হলে পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।