নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ৪৮ ঘণ্টার মধ্যে তিনজন বিধায়ক। আরও একঝাঁক নেতা ও বিধায়কও প্রস্তুত দলত্যাগ করতে। যে কোনও রাজ্যে ভোটের প্রাক্কালে বিজেপি বিরোধী দল থেকে পদত্যাগের প্রবণতা এবার অব্যাহত পাঞ্জাবেও। পাঞ্জাবে বিজেপি আজ পর্যন্ত এককভাবে সরকার গঠন করতে পারেনি। যখন শিরোমণি অকালি দল ক্ষমতাসীন, তখন বিজেপি ছিল জোটসঙ্গী। পাকিস্তানের সংলগ্ন ভারতের রাজ্য যেখানে দেশভাগ ও দাঙ্গার অভিঘাত ছিল প্রবল, সেখানে জনসংঘ থেকে বিজেপির দীর্ঘ যাত্রাপথে কোনো শক্তপোক্ত সংগঠন গড়ে ওঠেনি। পশ্চিমবঙ্গের পর এবার টার্গেট পাঞ্জাব। অপারেশন লোটাস শুরু হয়েছে বলে অভিযোগ তুলছে বিজেপি বিরোধী দলগুলি। কারণ শাসক দল আম আদমি পার্টির মন্ত্রী-বিধায়ক ও এমপিদের বাসভবনে ও দপ্তরে যথারীতি কেন্দ্রীয় এজেন্সির অভিযান শুরু হয়েছে। এই নিয়ে দ্বিতীয়বার। এর আগের অভিযানে একের পর এক এমপি যোগ দিয়েছিলেন বিজেপিতে। এবার বিধায়কদের পালা। আম আদমি পার্টির মধ্যে কার্যত যেন দলত্যাগের স্রোত শুরু হয়েছে। পালটা কেজরিওয়ালের দল বলেছে, পাঞ্জাবে বিজেপি অযথা এত চেষ্টা করছে। স্থানীয় পুরসভা নির্বাচনেও বিজেপি মুখ থুবড়ে পড়েছে। অন্যদিকে কংগ্রেস একইসঙ্গে আপ ও বিজেপিকে টার্গেট করে বলেছে আপ হল বিজেপি বি টিম। সুতরাং এই নাটক দেখে পাঞ্জাববাসী আর ভুলবে না। একবার আপ সরকারকে এনে তারা ভুল বুঝতে পারছে। অন্যদিকে, আবার শিরোমণি অকালি দল এবং বিজেপির মধ্যে জোট নিয়ে আলোচনা শুরু হয়েছে। যদিও অকালি দলের একাংশ, এই জোট চাইছে না। কারণ, এই অংশের মনোভাব বিজেপি কেন্দ্রীয়ভাবে বিদায়ের পথে। তাই এখন ওই জোটে না যাওয়াই উচিত।



