সংবাদদাতা, কল্যাণী: একটি ভাইরাল অডিয়ো ক্লিপ নিয়ে বিতর্কে জড়ালেন হরিণঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক তথা কবিয়াল অসীম সরকার। ফোনে এক পুলিশ আধিকারিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ইতিমধ্যেই সেই কথোপকথনের একটি অডিয়ো ভাইরাল হয়েছে। যদিও ভাইরাল অডিয়োটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। জানা গিয়েছে, হরিণঘাটা থানার অন্তর্গত নগরউখড়া পুলিশ ফাঁড়ির এক পুলিশ আধিকারিকের সঙ্গে বিধায়কের কথোপকথনকে ঘিরেই এই বিতর্কের সূত্রপাত। অডিয়োতে ওই পুলিশ আধিকারিককে উদ্দেশে অসীম সরকারকে বলতে শোনা যায়, ‘থানা থেকে বের করে নিয়ে পিটাব।’ অভিযোগ, দলীয় এক মণ্ডল সভাপতিকে গ্রেপ্তারের বিষয়কে কেন্দ্র করেই পুলিশকে কড়া হুঁশিয়ারি দেন বিধায়ক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নগরউখড়ায় অটো ও টোটো সংক্রান্ত একটি বিবাদকে কেন্দ্র করে বিজেপির মণ্ডল সভাপতিকে পুলিশি হেনস্তার অভিযোগ ওঠে। বিষয়টি বিধায়ককে জানানো হলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। এরপরই তাঁর সঙ্গে পুলিশ আধিকারিকের কথোপকথনের অডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি বিধায়ক অসীম সরকার। পরে তাঁর পালটা অভিযোগ, নগরউখড়া থানার এক পুলিশ আধিকারিক কিছু অটো ও টোটো চালককে প্রশ্রয় দিচ্ছেন। তবে সব পুলিশ আধিকারিক খারাপ নন বলেও দাবি করেন তিনি। পাঁচবছর বিধায়ক থাকার সুবাদে কিছু পুলিশের ভূমিকা সম্পর্কে তাঁর খারাপ ধারণা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন বিধায়ক। এদিকে ভাইরাল অডিয়ো নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। পুলিশ সূত্রের খবর, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এই বিষয়ে রানাঘাট পুলিশ জেলার সুপার আশিস মৌর্য কোনো মন্তব্য করতে চাননি।



