নিজস্ব প্রতিনিধি, বরানগর: সাতসকালেই পাড়ার মধ্যে বসানো হয়েছিল মদ্যপানের আসর। স্থানীয় বাসিন্দারা তার প্রতিবাদ করেছিলেন। সেকারণে, ঘর থেকে তরোয়াল এনে খুনের হুমকি ও গালিগালাজ দেওয়ার অভিযোগ উঠল মদ্যপদের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে পানিহাটির ১৬ নম্বর ওয়ার্ডের এই ঘটনায় শোরগোল পড়েছে। খড়দহ থানার পুলিস জানিয়েছে, পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পানিহাটি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের ই ব্লকের মধ্যে রাস্তা লাগোয়া একটি ফাঁকা জায়গা রয়েছে। সেখানে সন্ধ্যা হলেই মদের ঠেক বসে বলে অভিযোগ। মদ্যপদের দৌরাত্ম্যে তিতিবিরক্ত এলাকাবাসীরা। মঙ্গলবার সকাল ৯টা থেকেই মদের আসর বসতে দেখে ক্ষোভে ফুঁসে ওঠেন তাঁরা। তখন রাস্তা দিয়ে অফিসগামী সাধারণ মানুষ ও স্কুল পড়ুয়ারা যাচ্ছিল। পাড়ার কয়েকজন মদ্যপানের প্রতিবাদ করেন। ওই মদ্যপরা তখনকার মতো চম্পট দেয়। কিন্তু মিনিট ১৫ পর তারা তরোয়াল হাতে ফিরে আসে। প্রকাশ্যে তরোয়াল ঘুরিয়ে প্রতিবাদীদের খুনের হুমকি দেয়। অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। আতঙ্কিত এলাকাবাসীরা খড়দহ থানায় ফোন করেন। এবার পুলিস আসতেই তারা চম্পট দেয়। স্থানীয় বাসিন্দা মিঠু দাস বলেন, মদ্যপদের অত্যাচারে আমরা অতিষ্ট হয়ে উঠেছি। দিনের বেলায় রাস্তার পাশে বসে মদ খাচ্ছে। প্রতিবাদ করলে হুমকি দিচ্ছে। এদিন যেভাবে প্রকাশ্যে তরোয়াল ঘুরিয়ে হুমকি দিয়েছে, তাতে আমরা আতঙ্কিত। কাউন্সিলার তাপস দে বলেন, এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না। আমরা পুলিসকে আইনানুগ পদক্ষেপ করার কথা বলেছি।



