মুখ্যমন্ত্রীর মামলা রি ওপেনের হুমকি, পাত্তাই দিচ্ছেন না গোঘাটের বাম নেতা
  • ১৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: জমি আন্দোলনের প্রতিবাদে নন্দীগ্রামে গণহত্যার ঘটনায় ১৯ বছর পর শিরোনামে গোঘাটের দাপুট সিপিএম নেতা অভয় ঘোষ ও তালডাংরার মনোরঞ্জন পাত্র। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বয়ং ওই ঘটনায় তাঁদের নাম মুখে এনেছেন। তাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। ২০০৭ সালে রক্তাক্ত সূর্যোদয়ের প্রসঙ্গ টেনেই মুখ্যমন্ত্রী গত ১০ নভেম্বর নন্দীগ্রামে শহিদ স্মরণ সভা থেকে গোঘাট ও তালডাংরার ওই দুই সিপিএম নেতার নাম নিয়েছেন। তাঁদের বিরুদ্ধে কেস রি-ওপেন করার কথাও জানিয়েছেন। ২০০৭ সাল ছিল নন্দীগ্রাম জমি আন্দোলনের উত্তাল পিরিয়ড। তারপর ১৯ বছর কেটে গিয়েছে। মুখ্যমন্ত্রী হওয়ার পর সেই আন্দোলনের অন্যতম সেনাপতি শুভেন্দু অধিকারী প্রাণ হারানো আন্দোলনকারীদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে মামলা নতুন করে চালুর কথা জানিয়েছেন। আর মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই এলাকায় হইচই শুরু হয়েছে।

Advertisement

মুখ্যমন্ত্রী হিসেবে নন্দীগ্রামের প্রথম শহিদস্মরণ সভায় গিয়ে মামলা রি-ওপেন করার কথা জানান শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘নন্দীগ্রামের মানুষ গণহত্যার বিচার পায়নি। নতুন করে এফআইআর করলে গোঘাটের অভয় ঘোষ, তালডাংরার মনোরঞ্জন পাত্র, গড়বেতার তপন ঘোষ, খেজুরির হিমাংশু দাসদের বিরুদ্ধে কেস রি-ওপেন করে ব্যবস্থা নেব।’ তিনি আরও বলেন, ‘নন্দীগ্রাম আন্দোলনে ওদের (তৃণমূলের) কোনো ভূমিকা নেই। নন্দীগ্রামের মানুষের সঙ্গে তৎকালীন সিপিএম সরকারের লড়াই ছিল।’ 
মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরে অবশ্য গোঘাট সহ আরামবাগ মহকুমায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে। গোঘাটের সিপিএম নেতা অভয় ঘোষ বলেন, শুধু নন্দীগ্রামই নয়, এর আগেও মুখ্যমন্ত্রী আমার নাম নিয়েছেন। মামলা ওপেন করার মতো কোনো সারবত্তা নেই। রি ওপেন তো দূর। বিগত দিনে মিথ্যে সাজানো অভিযোগ আনা হয় আমার বিরুদ্ধে। বিভিন্ন পুরনো মামলায় আমাকে ট্যাগ করে দেওয়া হয়েছিল। নন্দীগ্রামে কোনোদিন যাইনি। গণ আন্দোলনে আমরা নেতৃত্ব দিয়েছি। তাই চমকানোর জন্য আমার নাম করা হচ্ছে। তারসঙ্গে মুখ্যমন্ত্রী তার বাহিনীকে উৎসাহিত করার জন্য বলছেন। তাই এইসব গুরুত্ব দিয়ে লাভ নেই।
তিনি আরও জানিয়েছেন, ২০১১ সালের পর থেকে ঘরছাড়া ছিলাম। ২০২৪ সালের প্রথম দিকে বাড়িতে ফিরেছি। তার আগে দূর থেকেই দলের কাজ করেছি। এখন সক্রিয়ভাবে দল করছি। 
বিজেপির পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ বলেন, বাম আমলে অভয় ঘোষদের নেতৃত্বে সাধারণ মানুষ সর্বস্বান্ত হয়েছে। তৃণমূল আমলে তার বিচার পায়নি মানুষ। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। বিজেপি সরকার সেইসব অভিযোগের বিচারের ব্যবস্থা করবে। 
পাল্টা গোঘাট ২ ব্লকের তৃণমূল নেতা সৌমেন দিগার বলেন, বিজেপির অনেকেই সিপিএমের হার্মাদদেরই উত্তরসূরী। বাম আমলে হওয়া অপরাধের তারা আর কী বিচারের ব্যবস্থা করবে! উল্লেখ্য, গোঘাট সহ আরামবাগ মহকুমা ছিল এক সময়ের লাল দুর্গ। ২০১১ সালে সারা রাজ্যে ক্ষমতার পালাবদল হলেও গোঘাট ছিল বামেদের দখলেই। তবে অভিযোগ, বাম আমলে বিভিন্ন দিকে নানা রাজনৈতিক অশান্তি হয়েছে গোঘাটের বুকে।