নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার সকালে ‘ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারিয়েট’ আরডিএক্স দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি ই-মেল এল রাজ্য সরকারের কাছে। সূত্রের খবর, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের প্রধান সচিব সুরেন্দ্র গুপ্তর কাছে এই ই-মেল আসে। বিকেল চারটের সময় বিস্ফোরণ হবে বলেও দাবি করা হয়। হুমকি মেল পাওয়ার পরেই পুলিসে খবর দেওয়া হয়। তবে, দপ্তরে তল্লাশি করা হলেও কিছু মেলেনি। কিছুদিন আগেও স্বাস্থ্যভবনও উড়িয়ে দেওয়ার হুমকি ই-মেল এসেছিল। জনস্বাস্থ্য দপ্তরের সদর দপ্তর, ‘নিজলয়’, অবস্থিত বিধাননগরের সেক্টর ফাইভে। খবর পেয়ে পৌঁছয় পুলিস, বম্ব ও ডগ স্কোয়াড। পুরো বাড়ি সার্চ অপারেশন চালিয়েও কিছু পাওয়া যায়নি। নিরাপত্তার স্বার্থে আটতলা খালি করে দেওয়া হয়। কোথা থেকে এই ই-মেল এল তা খতিয়ে দেখছে পুলিস। যদিও এ ব্যাপারে স্থানীয় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। প্রশাসনিক মহলের প্রশ্ন, ডব্লু বি সেক্রেটারিয়েট বলতে কী বোঝানো হয়েছে? রাজ্য সরকারের অফিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সদর দপ্তর নবান্নে। কেনই বা ই-মেল এল জনস্বাস্থ্য কারিগরি সচিবের কাছে? এদিন সকাল থেকে নিজলয়ে ছিলেন জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়। একাধিক বৈঠক করেন তিনি। অফিস ছাড়েন বিকেল বেলা।



