নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ব্রাজিল ম্যাচের শেষেই বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আগামী ৬ অক্টোবর উরুগুয়ে ম্যাচে ২২ হাজার ফ্রি টিকিট দেওয়া হবে। মেসি কাণ্ডে প্রতারিতদের জন্যই বরাদ্দ থাকবে এই সুবিধা। উল্লেখ্য, গত বছর ডিসেম্বরে টিকিট কেটে আর্জেন্তাইন মহাতারকাকে দেখতে যুবভারতী ভরিয়েছিলেন হাজার হাজার সমর্থক। কিন্তু সেই অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। পরিস্থিতি খারাপ দেখে মেসিও তড়িতড়ি মাঠ ছাড়েন। ফলে বাঁপায়ের জাদুকরকে ভালোভাবে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন অনুরাগীরা। পরে তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার কথা উঠলেও, সমাধান কিছু হয়নি। সেই দর্শকদের জন্যই এবার বিশেষ পদক্ষেপ মুখ্যমন্ত্রীর। এদিকে, শনিবার ব্রাজিল দলের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীর হাতে প্লেয়ারদের সই করা বিশেষ হলুদ জার্সি তুলে দেওয়া হয়।



