


কোপেনহেগেন: টমাস কাপে দুরন্ত ছন্দে ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়রা। সোমবার অস্ট্রেলিয়াকে ৫-০ ব্যবধানে উড়িয়ে প্রতিযোগিতার শেষ আটে পৌঁছালেন লক্ষ্য, প্রণয়রা। অন্যদিকে, গ্রুপের শীর্ষস্থান দখল করেছে চীন। কানাডাকে ৪-১ ব্যবধানে হারিয়েছে তারা। ফলে শীর্ষস্থানের লড়াইয়ে এবার ভারতেকে খেলতে হবে চীনের বিরুদ্ধে। এদিন লক্ষ্য সেন কোর্টে দাপট দেখালেন। এফ্রাইম স্টিফেন স্যামকে ২১-১৪, ২১-১৬ গেমে হারালেন ভারতীয় তারকা। জয়ের স্বাদ পেলেন আয়ূষ শেঠি। ২১-৮, ২১-৬ ব্যবধানে তিনি বশ মানান শ্রেয় ধাণ্ডকে। সাফল্য পেয়েছে দেশের সেরা পুরুষ ডাবলস জুটি। সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেঠি কার্যত রোড রোলার চালান প্রতিপক্ষের উপর। রিজকি হিয়াদাত ও জ্যাক ইউকে তারা হারালেন ২১-১৪, ২১-১৬ গেমে। শেষ ম্যাচে এইচ এস প্রণয় মাত্র ৩০ মিনিটে ঋষি হোন্ডাকে ২১-১১, ২১-১৭ ব্যবধানে বশ মানিয়ে দিন শেষ করেন।