Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

থানার গেটে ঝোলানো বাক্সে অভিযোগ পেয়ে বাল্যবিবাহ রুখল পুলিস

থানার গেটে ঝোলানো বাক্সে অভিযোগ পেয়ে বাল্যবিবাহ রুখল পুলিস
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: থানার গেটে ঝোলানো বাক্সে জমা পড়েছিল অভিযোগ। তারই ভিত্তিতে অভিযান চালিয়ে এক নাবালিকার বিয়ে রুখল পুলিস। ঘটনাটি জলপাইগুড়ির পান্ডাপাড়ার। 
Advertisement
পুলিস জানিয়েছে, বছর পনেরোর এক কিশোরীর বিয়ে ঠিক করেন পেশায় দিনমজুর এক ব্যক্তি। কিন্তু মেয়েটি বিয়েতে রাজি ছিল না। সে বিয়ে করবে না জানিয়ে কান্নাকাটি শুরু করে। কিন্তু অষ্টম শ্রেণির ওই পড়ুয়ার বিয়ে দিতে তার পরিবার নাছোড়বান্দা ছিল। এই পরিস্থিতিতে এক প্রতিবেশী কোতোয়ালি থানার গেটে ঝোলানো বাক্সে নিজের পরিচয় গোপন রেখে বিষয়টি জানিয়ে দেন। পুলিস সেই অভিযোগ পেয়ে পান্ডাপাড়ায় হানা দিয়ে বিয়ে রুখে দিতে সমর্থ্য হয়।
কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত বলেন, থানার গেটে যে কমপ্লেন বাক্স ঝোলানো রয়েছে, সেটি প্রতিদিন রাতে খুলে দেখার নির্দেশ দেওয়া হয়েছে কর্মীদের। দিন কয়েক আগে এই অভিযোগপত্রটি হাতে আসে। সঙ্গে সঙ্গে পুলিসকর্মীরা সংশ্লিষ্ট ঠিকানায় পৌঁছে যান। যেদিন পুলিস ওই বাড়িতে হানা দেয়, তার পরেরদিন নাবালিকার বিয়ে হওয়ার কথা ছিল। সময়মতো পুলিস পৌঁছে যাওয়ায় নাবালিকার বিয়ে রুখে দেওয়া সম্ভব হয়েছে।
পুলিস সূত্রে খবর, কোতোয়ালি থানার গেটে ঝোলানো বাক্সে শনিবার আরও একটি অভিযোগ জমা পড়েছে। সেটিও বাল্যবিবাহ সংক্রান্ত। বিয়ে হওয়ার কথা ১০ তারিখ। তার আগেই অভিযান চালানোর পরিকল্পনা নিয়েছে পুলিস।
আইসি বলেন, অনেকেই রয়েছেন যাঁরা নিজের পরিচয় ফাঁস হয়ে যাওয়ার ভয়ে থানায় অভিযোগ করতে চান না। তাঁদের জন্য থানার গেটে একটি ‘কমপ্লেন বক্স’ ঝোলানো হয়েছে। সেখানে যে কেউ চাইলে নিজের পরিচয় গোপন রেখে পুলিসকে অভিযোগ জানাতে পারেন। এমনটা ভাবার কোনও কারণ নেই যে, এভাবে অভিযোগ জানালে পুলিস ব্যবস্থা নেবে না। প্রতিদিন ওই বাক্সে ক’টি অভিযোগ জমা পড়ল, তা খতিয়ে দেখা হয়। এমনকী জমা পড়া অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করে পুলিস। তারই উদাহরণ, নাবালিকার বিয়ে রুখে দেওয়া। 
সম্পর্কিত সংবাদ