Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ঠান্ডা পানীয়ের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে বধূকে খুনের অভিযোগ, পলাতক শ্বশুরবাড়ির লোকজন

ঠান্ডা পানীয়ের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে বধূকে খুনের অভিযোগ, পলাতক শ্বশুরবাড়ির লোকজন
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: গৃহবধূকে ঠান্ডা পানীয়ের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে খুনের অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির পাঁচজনের বিরুদ্ধে। মৃতার নাম সারজিনা খাতুন(২৪)। গত সোমবার কান্দি থানার হিজল গ্রামে ঘটনাটি ঘটে। বুধবার রাতে বধূর মৃত্যু হয়। মৃতার মামা কান্দি থানায় ভাগ্নির স্বামী সহ পাঁচজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিস জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তরা পলাতক।
Advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর দশেক আগে শক্তিপুর থানার নারকেলবাড়ি এলাকার সারজিনার সঙ্গে প্রেম করে হিজলের মোবারক শেখের বিয়ে হয়। সারজিনা কন্যা সন্তানের জন্ম দেওয়ার পর থেকেই শুরু হয় অশান্তি। পণের জন্য চাপ দিয়ে সারজিনাকে মারধর করা হয় বলে অভিযোগ। মৃতার মা বেলি বিবি বলেন, জামাইয়ের একের পর এক দাবি মেটানো হলেও চাহিদার সীমা ছিল না। বায়না মেটাতে না পারলেই মেয়ের উপর চরম অত্যাচার করত। সহ্য করতে না পেরে মেয়ে আমাদের বাড়ি চলে আসে। 
পরিবার সূত্রে জানা গিয়েছে, শক্তিপুর থানায় জানিয়ে সালিশি সভা ডেকে মীমাংসা করে গত ২৯ অক্টোবর সারজিনাকে তাঁর শ্বশুরবাড়ির লোকজন ফিরিয়ে নিয়ে যায়। পরিবারের অভিযোগ, সালিশি সভায় চুক্তিপত্র হলেও শারীরিক নির্যাতন বন্ধ হয়নি। মৃতার মামা আসাদুল শেখ বলেন, শক্তিপুর থানার পুলিস আশ্বাস দেওয়ায় আমরা মেয়েকে পাঠিয়েছিলাম। গ্রামের মাতব্বররাও মীমাংসায় উপস্থিত ছিলেন। 
পরিবারের অভিযোগ, গত সোমবার রাতে ঠান্ডা পানীয়র বোতলে বিষ মিশিয়ে খাওয়ানো হয়। সারজিনা খেতে না চাইলে পাঁচজনে মিলে তাঁকে জোর করে তা খাইয়ে দেয়। পরেরদিন সকালে তাঁকে গুরুতর অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে আনে শ্বশুরবাড়ির লোকজন। চিকিৎসক মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করলে সারজিনাকে বহরমপুরের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। এরপরই বাপের বাড়িতে খবর দিয়ে শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যায়। বেলি বিবি বলেন, খবর পেয়ে আমরা মেয়েকে দেখতে গেলে মেয়ে আমাকে সব বলে। বুধবার নার্সিংহোমেই সারজিনার মৃত্যু হয়। ঘটনায় অভিযুক্তদের ফাঁসির দাবি জানাচ্ছি।
সম্পর্কিত সংবাদ