নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: ইঞ্জিনের মাথায় বিদ্যুৎবাহী অংশে কম্বল আটকে থাকায় থমকে গেল রাধিকাপুরগামী কুলিক এক্সপ্রেস। রবিবার সন্ধ্যায় যা নিয়ে সাময়িক চাঞ্চল্য ছড়ায় রায়গঞ্জ স্টেশনে। আধঘণ্টার বেশি সময় দাঁড়িয়ে থাকে ট্রেনটি। শেষে ইঞ্জিনের মাথায় আটকে থাকা কম্বল সরানোর পর ট্রেন চালু হয়। স্টেশন সূত্রে খবর, এদিন সন্ধ্যে ৬টা ৫৫ মিনিট নাগাদ ট্রেনটি রায়গঞ্জ স্টেশনে ঢোকার সময় বিকট শব্দ হয়। দেখা যায় ইঞ্জিনের মাথায় বিদ্যুৎবাহী অংশে আস্ত কম্বল আটকে আছে। শেষে রেলকর্মীদের ডেকে সেই কম্বল নামানো হলে সাড়ে সাতটা নাগাদ ট্রেনটি ফের রাধিকাপুরের উদ্দেশ্যে রওনা হয়। রায়গঞ্জের স্টেশন ম্যানেজার রাজু কুমার বলেন, কুলিক এক্সপ্রেসের মাথায় একটা কম্বল পড়ে বিপত্তি ঘটেছিল।



