Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মহোৎসবের সূচনা

ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মহোৎসবের সূচনা
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বিষ্ণুপুর: শনিবার জয়পুরের হিজলডিহা রামকৃষ্ণ আশ্রম ও বিবেকানন্দ সেবা সমিতিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৯০তম আবির্ভাব তিথি মহোৎসবের সূচনা হয়। ওই উপলক্ষ্যে আশ্রমে দু’দিন ধরে ভক্তিমূলক নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার সকালে প্রভাতফেরি হয়। দিনভর ঠাকুরের বিশেষ পুজো, ভোগ নিবেদন সহ আলোচনা, প্রার্থনা হয়। এদিন আশ্রমে বহু ভক্ত সমাগম হয়। 
Advertisement
আশ্রমের সম্পাদক বিকাশ পালধি বলেন, এদিন ভোরে মঙ্গলারতির পর বিশেষ পাঠের মধ্যে দিয়ে আবির্ভাব মহোৎসবের সূচনা হয়।
 মন্দিরে নিত্যপুজোর পাশাপাশি সর্বধর্ম শ্রদ্ধা সমন্বিত শ্রী শ্রী ঠাকুরের বিশেষ পুজো ও হোম হয়। সকাল ৮টা নাগাদ বর্ণাঢ্য শোভাযাত্রা হিজলডিহা গ্রাম প্রদক্ষিণ করে। নাম সংকীর্তন, সর্বধর্মের জয়ধ্বনি ও বিভিন্ন দেবদেবীর ট্যাবলো সহযোগে শোভাযাত্রা হয়। সাধারণ ভক্তরা ছাড়াও ছাত্রছাত্রীরাও নগর পরিক্রমায় অংশ নেয়। দুপুরে ভক্তদের প্রসাদ বিলি করা হয়। সন্ধ্যায় ভক্তিমূলক বাউল গানের অনুষ্ঠান হয়। 
আশ্রমের প্রবীণ সদস্য তুষারকান্তি চক্রবর্তী বলেন, আজ, রবিবার রামকৃষ্ণ ও সারদা নাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। সন্ধ্যারতির পর সাংস্কৃতিক ও পালা কীর্তনের অনুষ্ঠান হবে। এছাড়াও আদিবাসী নৃত্য, বিশেষ আলোচনা সভা এবং প্রাসঙ্গিক গ্রন্থপাঠ হবে। 
এদিনও দুপুরে ভক্তদের প্রসাদ বিলি করা হবে। সব মিলিয়ে ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মতিথি মহোৎসবকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে বিপুল সাড়া পড়ে।
Advertisement
সম্পর্কিত সংবাদ