সংবাদদাতা, ঘাটাল: ঠাকুমার শেষ ইচ্ছেকে মর্যাদা দিতে প্রথা ভেঙে বাজনা বাজিয়ে আনন্দঘন শোভাযাত্রায় শেষ বিদায় জানালেন নাতি, নাতনি, নাতবউয়েরা। মৃত বৃদ্ধার নাম যামিনীবালা সামন্ত (৯৯)। দাসপুর থানার রঘুনাথপুরে বাড়ি। বার্ধক্যজনিত কারণে তিনি শুক্রবার রাতে মারা যান।
Advertisement
মধুসূদন, নিরূপ, অরূপ সহ অন্যান্য নাতি ও নাতনিরা বলেন, ‘ঠাকুমার ইচ্ছা ছিল, আমরা যেন তাঁর মৃত্যুর সময়ে দুঃখে ভেঙে না পড়ি। বরং তাঁর জীবনের আনন্দময় মুহূর্তগুলোকে মনে রেখে যেন তাঁকে বিদায় জানাই। এই কারণেই আমরা বাদ্যি বাজিয়ে শবযাত্রা করার সিদ্ধান্ত নিই।’ বৃদ্ধার কনিষ্ঠপুত্র ধীরেন সামন্ত বলেন, ‘মায়ের ইচ্ছে পূরণ করতে তাঁর নাতি-নাতনিরা যা করেছেন, তাতে আমরা বাধা দিইনি। কিন্তু বাড়ির অন্যান্য বয়স্ক ব্যক্তিদের দাবি মেনে হরিনাম দলকেও শবযাত্রায় ডাকা হয়।’ নাতবউরা বলেন, ‘আমাদের ঠাকুমা ছিলেন আমাদের পরিবারের শিকড়। তিনি আমাদের শিখিয়েছেন জীবনের প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে মূল্যায়ন করতে। তাই আজ তাঁর ইচ্ছা অনুযায়ী আনন্দঘন পরিবেশে তাঁকে বিদায় জানানো আমাদের দায়িত্বের মধ্যে ছিল।’ পরিবারের সদস্য ও এলাকাবাসীদের চোখে ছিল শ্রদ্ধার প্রতিচ্ছবি। তবে সকলেই যেন মনে মনে যামিনীবালার জীবনযাপনের আনন্দ ও সরলতাকে স্মরণ করে ছিলেন। সেইসঙ্গে নাতি-নাতনিদের আক্ষেপ, আর কয়েকটা মাস বাঁচলে ঠাকুমার ১০০ বছর পূর্ণ হতো। কারণ তাঁর শততম জন্মদিনটা ঘটা করে পালন করার ইচ্ছে ছিল সকলের।



