নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একজন ঠিকা শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু হল কবি সুভাষ মেট্রো স্টেশনের শ্রমিক আবাসে। শুক্রবার সকালে তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় দেখতে পান সহকর্মীরা। তাঁকে উদ্ধার করে স্থানীয় বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
Advertisement
মৃতের নাম সাবিরুল ইসলাম (৩৮)। বাড়ি মুর্শিদবাদ জেলার ভগবানগোলায়। আপাতদৃষ্টিতে মৃতের দেহে কোনও আঘাতের চিহ্ন নেই। নির্মীয়মাণ নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রোর কাজে যুক্ত ছিলেন আর ভি এন এল’র ওই ঠিকা শ্রমিক। প্রাথমিক তদন্তে পাটুলি থানার পুলিস কোনও অসঙ্গতি পায়নি বলেই দাবি করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পাশাপাশি, মৃত শ্রমিকের ভাগবানগোলার বাড়িতে খবর পাঠানো হয়েছে।



