এবারও বাড়ছে জগদ্ধাত্রী পুজোর সংখ্যা, চন্দননগরে উৎসবের আগে ইতিহাসে চোখ
  • ১২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: কয়েকটি দিন গড়ালেই জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠী। ইতিমধ্যেই সাজে-সজ্জায়, বাহারে-আড়ম্বরে এবং আয়োজনের জোরাল তাগিদে ভোল বদলাতে শুরু করেছে জগদ্ধাত্রী নগরী চন্দননগর-ভদ্রেশ্বর। পুজো মরশুম এলেই চন্দননগরের সাবেক ফরাসি তালুকে খোঁজ পড়ে ইতিহাসের। প্রাচীনত্বের দাবিতে, কিছুটা নিখাদ ঐতিহ্য অনুসন্ধানে সেই খোঁজ শুরু হয়। পুজোকে নজরকাড়া করার সঙ্গে সেই উদ্যোগের পালেও এখন হেমন্তের বাতাস। চন্দননগর এগিয়ে না কৃষ্ণনগর, সেই তর্ক পুজো মরশুম এলেই ফের উসকে ওঠে।

Advertisement

স্বাধীনতার কিছু পরে পরেই ১৯৬২ সালে মাত্র ২৬টি পুজোর নগরীতে এখন সরকারি সিলমোহরের পুজোই ১৮০টি। একটি পুজো বৃদ্ধি হতে পারে বলে ইঙ্গিতও মিলেছে। এবারও বনেদি পুজো সহ আরও অন্তত ১০০টি পুজো চন্দননগর, ভদ্রেশ্বরে হয়। এবারও হবে। সেই সঙ্গে চলবে ইতিহাসের শিকড় সন্ধান। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শুভজিৎ সাউ বলেন, ইতিহাস ও ঐতিহ্য নিয়ে চর্চা থাকবেই। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো ঐতিহ্য নয় আবেগের অন্য নাম। নাগরিক উদ্যোগেই আবেগের পুজো আজ যে জায়গায় পৌঁছেছে তা বেনজির। প্রতিবছর আমাদের কমিটির অন্তর্ভুক্ত পুজোর সংখ্যা বেড়েছে। এবারও একটি পুজোকে সংযুক্ত করার পরিকল্পনা চলছে। ফলে চন্দননগর জগদ্ধাত্রী পুজোকে যে স্তরে নিয়ে গিয়েছে সেটাই একটি ইতিহাস।
ইতিহাসচর্চাকারীদের একাংশ অবশ্য বলেন, সাবেক চন্দননগরে ফরাসিদের দেওয়ান ছিলেন ইন্দ্রনারায়ণ চৌধুরী। ধনবান ইন্দ্রনারায়ণের সঙ্গে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের গভীর বন্ধুত্ব ছিল। ইন্দ্রনারায়ণের উদ্যোগেই চন্দননগরের চাউলপট্টি বা নীচেপট্টিতে ফরাসি তালুকের প্রথম জগদ্ধাত্রী পুজো হয়েছিল। গবেষকদের একাংশের দাবি, প্রথম দিকে পুজো চৌধুরী বাড়িতেই হত। পরে তা চাউলপট্টিতে এসে সর্বজনীন হয়। পুজো ঘিরে জনশ্রুতি যেটাই থাকুক, আজও চাউলপট্টির জগদ্ধাত্রী চন্দননগরে ‘আদি-মা’য়ের সম্মান পেয়ে থাকেন। তাঁর পুজোতেই পুজোর শুরু, তাঁর ভাসানেই নিরঞ্জন শুরু হয়।
চাউলপট্টির চাল ব্যবসায়ীদের মতোই পরাধীন ভারতের চন্দননগরে রমরমা ছিল বস্ত্র ব্যবসায়ীদের। সে যুগে চন্দননগর থেকে মসলিন সরবরাহ হত ফ্যাশন জগতের ভবিষ্যতের বিধাতা, ফরাসি দেশে। নাগরিক মহলের দাবি, চাউলপট্টির ব্যবসায়ীদের সঙ্গে পুজো নিয়ে বিবাদেই ফরাসি তালুকের দ্বিতীয় পুজো শুরু হয় কাপড়পট্টি বা উঁচুপট্টিতে। সম্ভ্রান্ত বস্ত্র ব্যবসায়ী শ্রীধর বন্দোপাধ্যায় সেই পুজো শুরু করেছিলেন। এরপরই হয় তৃতীয় পুজোটি। ১২৪২ বঙ্গাব্দে উড়েপাড়াতে সেই পুজো শুরু হয়েছিল। আধুনিক চন্দননগরে সেই জায়গার নাম, বাগবাজার।
তারপর অনন্ত সময় গড়িয়েছে। চন্দননগর স্বাধীন ভারতে এসেছে। জগদ্ধাত্রী পুজো গঙ্গাপাড়ের অর্ধচন্দ্রের আকারের নগরী ছেড়ে উদ্ভাসিত হয়েছে বিশ্বজুড়ে। পুজোতেজুড়ে থাকা আলোর মায়া খ্যাত হয়েছে বিশ্বব্যাপী। এবারও পুজোর প্রস্তুতি তুঙ্গে উঠেছে। আর তার সমান্তরালে খ্যাতির পুজোকে ঘিরে স্থানীয় চর্চায় বারবার ফিরে দেখা হচ্ছে ইতিহাস।