শ্যামলেন্দু গোস্বামী, বারাসত: শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বারাসতের শ্রীকৃষ্ণপুর সাংস্কৃতিক চক্রের কালীপুজোর সুবর্ণজয়ন্তী বর্ষের থিম ‘অতল অনন্তম’-এর আনুষ্ঠানিক সূচনা হল। পুজো কমিটির প্রধান পৃষ্ঠপোষক বিজেপি নেতা সুবীর শীল, শিল্পী ভবতোষ সুতার, সম্পাদক অলোক দাস প্রমুখ উপস্থিতি ছিলেন। গত কয়েক বছর অনাড়ম্বরভাবে পুজো হলেও এবার কয়েক কোটি টাকার বাজেটে জাঁকজমক ফিরছে। শিল্পী ভবতোষ সুতারের ভাবনায় জল, শব্দ ও আলোর মেলবন্ধনে ফুটে উঠবে শিব-শক্তির দর্শন। প্রায় ৬০ ফুট উচ্চতার মণ্ডপে প্রযুক্তির সাহায্যে ৫০ ফুট উপর থেকে জলের ফোঁটা ড্রামের উপর পড়বে। সেই শব্দের সঙ্গে আলোর কারসাজি এবং শিবের নৃত্য বিশেষ দর্শনীয় হয়ে উঠবে। মণ্ডপে শান্ত রূপে বিরাজ করবেন মহাকালী। আলোকসজ্জার দায়িত্বে রয়েছেন চন্দননগরের শ্রীধর দাস।
শিল্পী ভবতোষ সুতারের কথায়, রোজকার মানুষের জীবনের বাইরেও একটা জীবন রয়েছে। সেটাই তুলে ধরার চেষ্টা করেছি। পুজো কমিটির প্রধান পৃষ্ঠপোষক সুবীর শীল বলেন, এমন জাঁকজমক আর শিল্পকর্ম এর আগে বারাসত শহরে কোনো কালীপুজোয় হয়নি। তবে জাঁকজমকের পাশাপাশি দর্শনার্থীদের নিরাপত্তাকেও সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন উদ্যোক্তারা। সুবীর শীল জানান, পুলিশ ও সিভিক ভলান্টিয়ার মিলিয়ে ৪০০ জন নিরাপত্তার দায়িত্বে থাকবেন। দর্শনার্থীদের সুরক্ষা আমরা নিশ্চিত করছি। সূত্রের দাবি, সব ঠিকঠাক থাকলে এই পুজোর উদ্বোধন কররতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।



