সংবাদদাতা, বেলদা: এতদিন ভোটার তালিকায় নাম বা তথ্যে ভুল থাকলে সাধারণ মানুষকে তলব করতেন তিনি। কিন্তু এবার ‘উলটপুরাণ’। নিজের ও পরিবারের নামের তালিকায় অসঙ্গতির জেরে এবার শুনানির নোটিস হাতে পেলেন দাঁতন ২ ব্লকের বিডিও অভিরূপ ভট্টাচার্য। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে প্রশাসনিক মহলে।
ঘটনাটি বেশ চমকপ্রদ। বিডিও অভিরূপবাবু পদাধিকার বলে নির্বাচন কমিশনেরও আধিকারিক (এআরও)। এতদিন তিনি বহু মানুষের শুনানি নিয়েছেন। অথচ আজ, শুক্রবার কলকাতার বেলেঘাটায় তাঁকেই হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন ওখানকার এআরও বিজনকুমার সরকার। মুশকিল হল, শুক্রবারই আবার দাঁতনে বসে প্রায় ২০০ জন সাধারণ মানুষের শুনানি নেওয়ার কথা অভিরূপবাবুর। ফলে কলকাতা গিয়ে নিজের শুনানিতে যোগ দেওয়া তাঁর পক্ষে কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।বিডিও জানান, তাঁর বাবা কেন্দ্র সরকারের প্রাক্তন পদস্থ কর্তা এবং মা বিএসএনএল-এর অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার। ২০০২ সাল থেকেই তাঁদের নাম ভোটার তালিকায় রয়েছে। তবুও এই তলব, তা নিয়ে উঠছে প্রশ্ন। বর্তমানে কলকাতা থেকে দূরে দাঁতনে কর্মরত এই ডব্লিউবিসিএস অফিসার। গোটা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন তিনি। নিজের ব্লকের কাজ সামলাতে গিয়ে এখন নিজের ঠিকানাতেই শুনানি সামলাতে ব্যস্ত বিডিও।