তারকেশ্বরে রানাবাঁধের বারোয়ারি লক্ষ্মীপুজোয় এবার নজরকাড়া থিম
  • ২৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অমিত চৌধুরী, তারকেশ্বর: তারকেশ্বর ব্লকের পিয়াসাড়া-মালপাহারপুর ও চাঁপাডাঙা হল কৃষিপ্রধান অঞ্চল। এই এলাকার প্রধান উৎসব হল লক্ষ্মীপুজো। বিশাল মণ্ডপ ও মনভোলানো থিম হয়। বারোয়ারি ও বাড়ি মিলিয়ে প্রায় ১৫টি পুজো হয় এখানে। হাওড়া, বর্ধমান থেকে দর্শনার্থীরা আসেন ঠাকুর দেখতে। এক সপ্তাহ ধরে মেলা চলে। পুজোর সময় ভিড় হয়। যানজট দেখা দেয়। তা নিয়ন্ত্রণে কড়া নজর পুলিশের। শনিবার মণ্ডপে ঢোকা ও বেরনোর পথ পরিদর্শন করে তারকেশ্বর থানা। এছাড়া দমকল, স্বাস্থ্যবিভাগ ও অন্যান্য জরুরি বিভাগের কর্মীরা পুজোর জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছে।

Advertisement

এখানকার উল্লেখযোগ্য পুজোগুলি হল, বেঁড়েমূল উদয় ভানু সংঘের পুজো। ৩৬ তম বর্ষে পুজোর থিম ‘মুক্ত ডানা’। মণ্ডপের প্রবেশদ্বারে দেখা যাবে খোলা খাঁচা থেকে বেরিয়ে যাচ্ছে পাখিরা। পাখির বাসার আদলে তৈরি হয়েছে মণ্ডপ। মাঝে তালগাছে বাবুই পাখির বাসা। বিবাদী ক্লাবের পুজো এ বছর ৪৬তম বর্ষে পদার্পণ করেছে। পুজোর থিম ‘পল্লিগ্রাম’। গ্রামের মাটির বাড়ির খড়ের ছাউনি দিয়ে তৈরি হয়েছে মণ্ডপ। ভিতরে দেখা যাবে গরুর গাড়িতে ধান নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়া ঢেঁকি, রান্নাঘর, কামারশালা রয়েছে। ক্ষুদ্র রামপুর বিবেকানন্দ ক্লাবের পুজোর এবার ৪৫তম বর্ষ। পুজোর থিম ‘ওরা কাজ করে’। সমাজের বিভিন্ন পেশার মানুষের জীবনযাত্রা তুলে ধরা হয়েছে মণ্ডপে। চর্মকার, রাজমিস্ত্রি, ছুতোর সকলের কর্মকে ফুটিয়ে তোলা হয়েছে। বেলবাঁধ রবীন্দ্রসংঘের পুজো ৩২তম বর্ষে পদার্পণ করেছে। পুজোর থিম ‘নারী নির্যাতন, নারী শক্তি’। নারীদের উপর অত্যাচার ও তাদের রুখে দাঁড়ানোর চিত্র তুলে ধরা হয়েছে মণ্ডপে। বেলবাঁধ নেতাজি সংঘের পুজোর ৪৯ তম বর্ষ। থিম, তারকেশ্বরের ঐতিহাসিক জাতীয় মেলা ‘শ্রাবণী মেলা’। শ্রাবণ মাসে পুণ্যার্থীদের ফেলে যাওয়া বিভিন্ন মডেল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ। হেলিকপ্টার থেকে ফুল ফেলা ফুটিয়ে তোলা হয়েছে। মা মনসা মাতা ক্লাবের ৫০তম বর্ষে পুজোর থিম ‘দূষণ, হও সচেতন’। মণ্ডপের ভিতর কাল্পনিক পৃথিবী তৈরি করা হয়েছে। দেখানো হয়েছে দূষণের ফলে রুক্ষ পৃথিবী থেকে চার সন্তানকে নিয়ে বাইরে বেরিয়ে যেতে চাইছেন দুর্গা। অন্যদিকে করা হয়েছে সুজলা সুফলা পৃথিবী। শক্তিমান ক্লাবের ৪১ বছরের পুজোতে থিম ‘চাইনিজ ড্রাগন টেম্পেল’।‌ পাটকাঠির মণ্ডপের ধারাবাহিকতা ধরে রেখেছে একমাত্র নাইটা উত্তরপাড়া লক্ষ্মীপুজো কমিটি। মন্দিরের আদলের তৈরি হয়েছে মণ্ডপ। ৪০তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো। প্রতিবছর লক্ষ্মীপুজো উপলক্ষ্যে এই এলাকায় উপচে পড়ে ভিড়। সপ্তাহব্যাপী মেলা চলে।