প্রীতেশ বসু, কলকাতা: মহিলাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে বদ্ধপরিকর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। একসপ্তাহ আগেই অন্তর্বর্তী বাজেটে ‘লক্ষ্মীর ভাণ্ডারে’ আর্থিক সহায়তা ৫০০ টাকা বৃদ্ধির ঘোষণা করেছে রাজ্য। ইতিমধ্যেই সেই ঘোষণা কার্যকর হয়ে গিয়েছে। এবার নেওয়া হল আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শীঘ্রই বাংলার ৩৩ হাজার গরিব মহিলাকে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের অধীনে মাথার উপর পাকা ছাদের বন্দোবস্ত করে দিতে চলেছে নবান্ন। দুই কিস্তিতে দেওয়া হবে ১ লক্ষ ২০ হাজার টাকা। ইতিমধ্যেই উপভোক্তা যাচাইয়ের কাজ শুরু হয়ে গিয়েছে। তা শেষ হলেই ওই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির টাকা পাঠানো হবে। কম-বেশি প্রতিটি জেলাতেই নতুন উপভোক্তারা ছড়িয়ে রয়েছেন। ফেব্রুয়ারি মাসের মধ্যেই নাম নথিভুক্তির প্রক্রিয়া সম্পন্ন করে সহায়তা প্রদানের চেষ্টা চলছে বলে নবান্ন সূত্রে খবর।



