মেলবোর্ন: অস্ট্রেলিয়ার ক্রিকেটে ‘স্যান্ডপেপার গেট’ বিতর্ক খুঁচিয়ে তুলেছিল উসমান খোয়াজার আত্মজীবনী। এবার তাঁকে সমর্থন জানিয়ে মুখ খুললেন ক্যামেরন ব্যানক্রফট। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে বলে সিরিশ কাগজ ব্যবহার করেছিল অস্ট্রেলিয়া। সেই ঘটনা ক্যামেরায় ধরা পড়ে। কলঙ্কিত সেই কাণ্ডের জন্য স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারের সঙ্গে ব্যানক্রফটকেও নির্বাসিত করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। নির্বাসনের মেয়াদ কাটিয়ে ফেরার পর মাত্র দুটো টেস্ট খেলেছিলেন অজি ওপেনার। বুধবার এক ক্রিকেট ওয়েবসাইটে প্রকাশিত নিবন্ধে তিনি জানিয়েছেন যে, দলের সকলেই বলে সিরিশ কাগজ ঘষার ব্যাপারে জানতেন। অজি অধিনায়ক প্যাট কামিন্সের সাম্প্রতিক মন্তব্যের যা সম্পূর্ণ উলটো।
ঠিক কী লিখেছেন ব্যানক্রফট? তাঁর মতে, ‘৮ বছর ধরে আমি সত্যিটা চেপে রয়েছি। আসলে যা হয়েছিল তা আমি বলতে পারিনি। বলে স্যান্ডপেপার ঘষার ব্যাপারটা শুধু স্মিথ, ওয়ার্নার আর আমি নয়, পুরো টিম জানত। এতদিন এটা বলিনি। কিন্তু কামিন্সের সাংবাদিক সম্মেলন দেখে নিজেকে ক্ষুব্ধ, প্রতারিত এবং একাকী মনে হয়েছে। আর খোয়াজা যা যা তুলে ধরেছে, তার সঙ্গে মিল রয়েছে আমার স্মৃতিগুলোরও।’ তিনি আরও জানিয়েছেন, ‘ড্রেসিং-রুমে আমাকে বলা হয়, এই কাজটা আমি করতে পারব কিনা। জানতাম, কাজটা ঠিক নয়। এটা প্রতারণা। কিন্তু বাধ্য হয়ে করেছিলাম। বোলারদের সাহায্য করাই ছিল লক্ষ্য। আসলে জেতার জন্য আমরা মরিয়া ছিলাম। তখন আমি ঠিকঠাক দায়িত্ব পালন করতে পারছি কিনা তা নিয়ে প্রত্যেক বোলার মতামত দিত। তাই ওরা কেউ কিছু জানে না, এটা মিথ্যা কথা। সকলেই জানত যে, আমি সিরিশ কাগজ ব্যবহার করছি।’



