সংবাদদাতা, আলিপুরদুয়ার: কেন্দ্রীয় বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রকের ২০২৬ সালের ‘গজ গৌরব’ পুরস্কার পাচ্ছেন জলদাপাড়া জাতীয় উদ্যানের সাত জন মাহুত। বন্যায় হাতিদের বাঁচানো ও কুনকি হাতি নিয়ে বন্যায় ভেসে যাওয়া গন্ডার উদ্ধারে সাহসিকতা ও বীরত্বের কৃতিত্ব স্বরূপ তাঁদের এই পুরস্কার দেওয়া হচ্ছে। জলদাপাড়া বনবিভাগ জানিয়েছে, ১৩ আগস্ট বিশাখাপত্তনমে ওই সাত জন মাহুতের হাতে এই পুরস্কার তুলে দেবে সংশ্লিষ্ট দপ্তর। জলদাপাড়ার মাহুতদের মধ্যে যাঁরা কেন্দ্রীয় সরকারের এই পুরস্কার পাচ্ছেন তাঁরা হলেন বিকাশ খাঁড়িয়া, রাজিব ওরাওঁ, আজিবুল হক, অজিত গাবুর, মমতাজ আলম, দিলীপ মুণ্ডা ও আমাসুর খেঁড়িয়া।
বনদপ্তর জানিয়েছে, এর মধ্যে প্রথম দু’জন গত বছরের বন্যায় কুনকি হাতি নিয়ে বন্যপ্রাণীদের বাঁচানোর কাজে অসামান্য সাহসিকতা ও বীরত্বের পরিচয় দিয়েছেন। বাকি পাঁচ জন মাহুত গত বছরের বন্যায় শিসামারা নদীর জলে কোচবিহার জেলায় ও অন্য এলাকায় ভেসে যাওয়া গন্ডারদের উদ্ধারে বিরল কৃতিত্ব দেখিয়েছিলেন। তাঁরা কুনকি হাতি নিয়ে কোচবিহারের ভেসে যাওয়া গন্ডারদের সাফল্যের সঙ্গে উদ্ধার করে জলদাপাড়ায় ফিরিয়ে এনেছিলেন। কেন্দ্রের এই পুরস্কারে নির্বাচিত এই মাহুতরা বেশীরভাগই দৈনিক মজুরির ভিত্তিতে মাহুতের কাজ করেন। কেউ আবার চূক্তিভিত্তিক অরণ্যসাথী পদমর্যাদারও আছেন।
জলদাপাড়া বনবিভাগ তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই খবর প্রকাশ করেছে। সাত জন মাহুত এই পুরস্কারের জন্য মনোনীত হওয়ায় উচ্ছ্বসিত জলদাপাড়া কর্তৃপক্ষ ও বনকর্মী মহল। একইভাবে উচ্ছ্বসিত সাত জন মাহুতও। রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওরাওঁ বলেন, জলদাপাড়ার সাত জন মাহুত এই পুরস্কারের জন্য মনোনীত হওয়ায় আমরা গর্বিত। একইভাবে গর্বিত আমাদের দপ্তরও। • নিজস্ব চিত্র।