Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এবার স্কুলব্যাগে করে গাঁজা পাচারের চেষ্টা, পাকড়াও ২

সক্রিয়তা বাড়াচ্ছে মাদক পাচারকারীরা। গাড়িতে ডাক্তার স্টিকার সেঁটে চলছে পাচার।

এবার স্কুলব্যাগে করে গাঁজা পাচারের চেষ্টা, পাকড়াও ২
  • ২৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: সক্রিয়তা বাড়াচ্ছে মাদক পাচারকারীরা। গাড়িতে ডাক্তার স্টিকার সেঁটে চলছে পাচার। ওষুধের দোকানেও মজুত করা হচ্ছে গাঁজা। পাচারের কাজে ব্যবহার করা হচ্ছে কম বয়সিদের। রবিবার ডাক্তারের স্টিকার সাঁটানো গাড়িতে ওড়িশা থেকে গাঁজা পাচারের চেষ্টা বানচাল করেছে বারুইপুর থানা। গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে। একই দিনে উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থানার পুলিস আরও একটি চক্রের পর্দা ফাঁস করেছে। দক্ষিণ ২৪ পরগনার জীবনতলায় ওষুধের দোকানে হানা দিয়ে তারা ২১৩ কিলো গাঁজা উদ্ধার করেছে। গ্রেপ্তার করা হয় তিনজনকে। এবার পিঠের ব্যাগে গাঁজা পাচারের চেষ্টা রুখে দিল নিউ বারাকপুর থানা। এক নাবালককে আটক ও গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে। পুলিস সূত্রে জানা গিয়েছে, পিঠে স্কুল ব্যাগ। নাবালক ও এক যুবক ঘুরছিল এলাকায়। কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ও নিউ বারাকপুর থানার পুলিসকর্মীরা তাদের ধরতেই চক্ষু চড়কগাছ এলাকাবাসীর। স্কুল ব্যাগে থরে থরে সাজানো গাঁজা। পুলিস জানিয়েছে, তাদের কাছ থেকে প্রায় ২১ কেজি ৬৮২ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। ধৃতদের মঙ্গলবার বারাকপুর মহকুমা আদালত ও সল্টলেকের জুভেনাইল আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিস জানিয়েছে, ধৃত যুবকের নাম শান্ত ঘোষ (১৮)। বাড়ি ঘোলার যুগবেড়িয়া নবপল্লি। নাবালকের বাড়ি নিউ বারাকপুর পুরসভার ৭নং ওয়ার্ডের পশ্চিম মাসুন্দা। বয়স ১৬ বছর। সোমবার সন্ধ্যায় নিউ বারাকপুরের তালবান্দা হেমন্তনগরের শান্তিপুর ঝিলপাড় থেকে তাদের ধরা হয়েছে। স্কুলের পাঠ আগেই চুকিয়েছে দু’জনে। বেশ কয়েক বছর ধরে তারা কোচবিহার থেকে নিউ বারাকপুর এলাকায় স্কুল ব্যাগে গাঁজা আনত। স্কুল ব্যাগ সঙ্গে থাকায় কারও তেমন সন্দেহ হতো না। কিন্তু কমিশনারেটের গোয়েন্দারা সূত্র মারফত খবর পেয়ে সোমবার তাদের পাকড়াও করে। বারাকপুর কমিশনারেট এলাকায় গাঁজা পাচারের নিত্য-নতুন পর্দাফাঁস করছেন গোয়েন্দারা। আগে সোফার মধ্যে গাঁজা ঢুকিয়ে ক্যুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাঁজা পাচার ধরেছিলেন গোয়েন্দারা। এছাড়া দক্ষিণেশ্বর স্টেশন লাগোয়া এলাকা থেকে দু’দফায় কয়েক কুইন্টাল গাঁজা উদ্ধার হয়েছিল। পরপর গ্রেপ্তারের ঘটনা ঘটলেও গাঁজা চোরাচালানে ভাটা পড়ছে না। নিউ বারাকপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী ত্রিনাথ বর, রাজু মজুমদার সহ একাধিক দুষ্কৃতী জেল হেফাজতে থাকলেও নতুন নতুন মুখ গাঁজা পাচার চক্রে জড়িয়ে পড়ছে। ধৃতরা পুলিসকে জানিয়েছে, কোচবিহার থেকে এই গাঁজা নিউ বারাকপুরে পৌঁছে দিতে পারলে তারা চার হাজার টাকা পেত। কিন্তু কারা এইসব কমবয়সিদের চোরাচালান চক্রে নামাচ্ছে, তাদের খুঁজছে পুলিস।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ