সংবাদদাতা, রঘুনাথপুর: সিমলা চুক্তি অনুযায়ী ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধে তৃতীয় পক্ষের নাক গলানোর কথা নয়। তাহলে সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত ট্রাম্প নিচ্ছেন কীভাবে। মোদির সিদ্ধান্তে বিশ্ব দরবারে ভারতবর্ষের মাথা হেঁট হয়ে গিয়েছে। মোদী দেশের মানুষকে আশাহত করেছেন। এই ভাষাতেই রবিবার পুরুলিয়ার নিতুড়িয়া থানার সরবড়ি হাটতলা ময়দানে মোদীকে লক্ষ্য করে তির ছুড়লেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। পাশাপাশি মুর্শিদাবাদে রাজ্য পুলিসের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
শনি ও রবিবার দু’ দিন ধরে নিতুড়িয়া ব্লক এলাকার গোবাগে সিটুর একাদশ জেলা সম্মেলন অনুষ্ঠিত হল। সম্মেলন থেকে সভাপতি হিসেবে বিমলেন্দু কোনার এবং সাধারণ সম্পাদক হিসাবে হারাধন বন্দ্যোপাধ্যায় নির্বাচিত হন। সম্মেলনের শেষে এদিন সরবড়িতে প্রকাশ্য জনসভা হয়। জনসভায় রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সিটুর রাজ্য সম্পাদক অনাদি সাহু, জেলা সম্পাদক প্রদীপ রায় প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় জেলার ২০টি ব্লকের নেতারা উপস্থিত ছিলেন।
দলের তরফ থেকে জানানো হয়েছে, রাজ্যে মানুষের হাতে কাজ নেই। চাকরিহারারা পথে বসে রয়েছে। বিদ্যালয়গুলি শিক্ষক শূন্য। বেকার বাড়ছে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিকে পরীক্ষার্থী কমছে। সেই সব সমস্যা সমাধানে রাজ্য ও কেন্দ্র সরকার কোনও পদক্ষেপ করেনি। শুধুমাত্র মানুষকে সাম্প্রদায়িক লড়াইয়ে ইন্ধন জুগিয়েছে। সাধারণ মানুষ যাতে আন্দোলন না করে তার জন্য তাদের ধর্মীয় ভাবাবেগে জড়িয়ে রাখছে। -নিজস্ব চিত্র