Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

পঞ্চায়েত অফিসে আলমারির ভেঙে ক্যাশবাক্সের টাকা নিয়ে গেল চোরেরা

খোদ পঞ্চায়েত অফিসেই হয়ে গেল দুঃসাহসিক চুরি! রানাঘাট শহরের উপকণ্ঠে আনুলিয়া পঞ্চায়েত অফিসে বুধবার গভীর রাতে এঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে পঞ্চায়েতের কর্মীরা এসে দেখেন, বিভিন্ন ক্যাশবাক্স ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।

পঞ্চায়েত অফিসে আলমারির ভেঙে ক্যাশবাক্সের টাকা নিয়ে গেল চোরেরা
  • ৭ মার্চ, ২০২৫ ১৩:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: খোদ পঞ্চায়েত অফিসেই হয়ে গেল দুঃসাহসিক চুরি! রানাঘাট শহরের উপকণ্ঠে আনুলিয়া পঞ্চায়েত অফিসে বুধবার গভীর রাতে এঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে পঞ্চায়েতের কর্মীরা এসে দেখেন, বিভিন্ন ক্যাশবাক্স ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। অফিসের ভিতরে থাকা একাধিক আলমারি হাট করে খোলা। খবর পেয়ে রানাঘাট থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। এঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে চিন্তিত স্থানীয়রা। পঞ্চায়েত অফিসে কেন সিসি ক্যামেরা ছিল না-সেই প্রশ্নও উঠেছে। পুলিস জানিয়েছে, অন্যদিনের মতোই পঞ্চায়েতের কর্মীরা বৃহস্পতিবার সকালে কাজে যোগ দিতে এসেছিলেন। তাঁরা সামনের প্রধান গেট খুলে ভিতরে ঢুকেই চুরির বিষয়টি বুঝতে পারেন। কারণ ভিতরের প্রায় প্রতিটি ঘরের আলমারি হাট করে খোলা ছিল। ঘরে ঢুকে তাঁরা দেখতে পান, একটি ক্যাশবাক্স মেঝেতে পড়ে আছে। আরও একটি টেবিলের উপর খোলা অবস্থায় রাখা হয়েছে। টেবিলের একাধিক ড্রয়ার খোলা। পুলিস জানতে পেরেছে, এক বা একাধিক দুষ্কৃতী দোতলার জানালার লোহার রড কেটে ভিতরে ঢুকেছিল। কিছু টাকাপয়সা চুরি গেলেও কম্পিউটার, ল্যাপটপ, গুরুত্বপূর্ণ নথি চুরি যায়নি বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।

Advertisement

এবিষয়ে পঞ্চায়েতের প্রধান শম্পা বিশ্বাস বলেন, পঞ্চায়েতের সাতটি ঘরেই একাধিক আলমারি খোলা ছিল। পঞ্চায়েতের কিছু পরিষেবার জন্য টাকা নেওয়া হয়। সেই সমস্ত টাকা চুরি গিয়েছে। ফাইলপত্র কী চুরি গিয়েছে, তা পরে খোঁজ করে দেখতে হবে। প্রধানের ঘর, সচিবের ঘর, বাংলা সহায়তা কেন্দ্রের ঘরের জানালার রড কেটে দুষ্কৃতীরা ঢুকেছিল। আশা করছি, পুলিস দুষ্কৃতীদের পাকড়াও করতে পারবে। আধুনিক প্রযুক্তির যুগে পঞ্চায়েত অফিসের কোথাও সিসি ক্যামেরা কেন ছিল না-সেই প্রশ্ন তুলেছেন আমজনতা। নিছকই টাকা চুরি না অন্য উদ্দেশ্যে পঞ্চায়েত অফিসে ঢোকা হয়েছিল, তা নিয়েও তাঁরা সন্দেহ করছেন। এবিষয়ে পঞ্চায়েত প্রধান বলেন, সিসি ক্যামেরা বসানোর জন্য আমরা পরিকল্পনা করেছি। আগামী অর্থবর্ষে পঞ্চায়েত অফিসের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা বসাতে টাকা বরাদ্দ করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ