বাড়ি তৈরিতে থাকছে না গ্রাউন্ড কভারেজের ঊর্ধ্বসীমা
  • ২২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুরসভা এলাকায় বাড়ি তৈরির নিয়মে বড়োসড়ো বদল আনতে চলেছে রাজ্য। সংশোধন করা হচ্ছে ২০০৭ সালের পুর বিল্ডিং বিধি। সংশোধনীর খসড়ায় বলা হয়েছে, বাড়ি তৈরির ক্ষেত্রে ‘গ্রাউন্ড কভারেজ’-এর ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হবে। অর্থাৎ, চলতি নিয়মে জমির যতটা অংশে নির্মাণ করা যায়, আইন সংশোধনের পর তার থেকে বেশি অংশে নির্মাণ করা যাবে। মোদ্দা কথা, জমির মোট আয়তনের কতটা অংশে বাড়ি তৈরি করা যাবে, তার জটিল হিসাবে ইতি টানতে চলেছে রাজ্য। তার বদলে শুধুমাত্র নির্মাণের উচ্চতার নিরিখে চারপাশে কতটা জমি ছাড়তে হবে, তা নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে নয়া বিধিতে। খসড়ায় থাকা এই প্রস্তাব চূড়ান্ত হলে অধিকাংশ নির্মাণের ক্ষেত্রেই চারপাশে এখন যতটা জমি ছাড়তে হয়, তার প্রায় অর্ধেক জমি ছেড়েই বাড়ি বা বহুতল তোলা যাবে। বর্তমানে চারতলা (১০ মিটার) বা তার কম উচ্চতার জন্য বাড়ির পিছনে ৯ ফুটের বেশি এবং বাকি তিন দিকে ৩ ফুট ১১ ইঞ্চি করে জমি ছেড়ে রাখতে হয়। প্রস্তাবিত নয়া বিধিতে পিছনে এবং যে কোনো একদিকে ৩ ফুট ২৮ ইঞ্চি করে, বাকি দু’দিকে প্রায় ২ ফুট করে জমি ছাড়লেই নির্মাণ করা যাবে। অর্থাৎ, সংশোধিত আইনে নির্দিষ্ট আয়তনের জমিতে আগের তুলনায় অনেক বেশি অংশজুড়ে নির্মাণ সম্ভব হবে।  

Advertisement

চারতলার বেশি উচ্চতার বাড়ির জন্য কত জমি ছাড়তে হবে, তাও নির্দিষ্টভাবে বলা আছে খসড়ায়। এক্ষেত্রেও বর্তমানের তুলনায় প্রায় অর্ধেক জমি ছাড়লেই বাড়ি তোলা সম্ভব হবে। শুধুমাত্র দশতলার (২৪.৫ মিটার) বেশি উচ্চতার নির্মাণের (পাহাড়ি এলাকা বাদে) ক্ষেত্রে বাড়ির উচ্চতার ১৫ শতাংশ অথবা প্রায় পাঁচ মিটার জমি (যেটা কম) ছাড়তে হবে চারপাশেই। সেই সঙ্গে নির্দিষ্ট ‘ফি’ জমা দিয়ে বাড়তি তল নির্মাণের (অতিরিক্ত এফএআর) অনুমতি ‘কেনার’ সুযোগ করে দিচ্ছে রাজ্য। গ্রিন বিল্ডিংয়ের ক্ষেত্রে জমির সরকারি মূল্যের (আইজিআর) ১০ শতাংশ এবং অন্যান্য ক্ষেত্রে ২৫ শতাংশ অতিরিক্ত ফি দিয়ে বাড়তি তলের অনুমতি মিলতে পারে। বাণিজ্যিক নির্মাণের ক্ষেত্রে এফএআর ৫ এবং কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকা-ট্রানজিট করিডরের ক্ষেত্রে তা ৭ করার প্রস্তাব দিয়েছে রাজ্য। সল্টলেক ও নিউটাউন এলাকায় অন্তত আট কাঠা জমিতে তথ্যপ্রযুক্তি প্রকল্পের ক্ষেত্রে ৫.৯ পর্যন্ত এফএআরের অনুমতি দেওয়ার প্রস্তাবও রয়েছে। 
সরু রাস্তার পাশের জমিতেও নির্মাণের সুযোগ বৃদ্ধির প্রস্তাব রয়েছে। সমতল এলাকায় ১.২ মিটার চওড়া রাস্তা থাকলে সাত মিটার পর্যন্ত উঁচু বাড়ি তৈরি করা যাবে। পাহাড়ি পুর এলাকায় উচ্চতার সীমা ৪.৫ মিটার। আবাসিক ভবনের ক্ষেত্রে সংলগ্ন রাস্তাটি ২.৪ থেকে ৫ মিটারের কম চওড়া হলে জমি থেকে ১০০ মিটারের মধ্যে অন্তত পাঁচ মিটার চওড়া সংযোগকারী রাস্তা থাকা বাধ্যতামূলক। শিল্প ও সাশ্রয়ী আবাসন প্রকল্পে এক ভবনের মধ্যে একাধিক ছোটো সংস্থার কাজের জন্য ‘ফ্ল্যাটেড ফ্যাক্টরি’ ব্যবস্থা চালুর প্রস্তাবও রয়েছে। পাশাপাশি, ছোটো ফ্ল্যাটে পার্কিংয়ের বাধ্যবাধকতা কমানো, যান্ত্রিক ও বহুতল পার্কিং এবং বৈদ্যুতিক গাড়ির চার্জিং ব্যবস্থা চালুর প্রস্তাব রয়েছে। এ বিষয়ে আবাসন নির্মাতাদের সংগঠন ‘ক্রেডাই’-এর পশ্চিমবঙ্গ চ্যাপ্টারের সভাপতি সুশীল মোহতা বলেন, ‘শহর এলাকার জমির যথাযথভাবে ব্যবহার নিয়ে নীতি আয়োগেরও গাইডলাইন রয়েছে। পাশাপাশি, বহু জায়গায় বাড়ির উচ্চতা নিয়ে সীমাবদ্ধতা ছিল। সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছি। এর ফলে সরকারের রাজস্ব আদায়ও বাড়বে।’