নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আপাতত প্রাক পুজো সময়ে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত দক্ষিণবঙ্গে নিম্নচাপের প্রভাবে দুর্যোগ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা নেই। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত দীর্ঘকালীন সময়ের পূর্বাভাস বৃহস্পতিবার প্রকাশ করেছে। তাতে ৮ সেপ্টেম্বর নাগাদ দক্ষিণবঙ্গে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কথা বলা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, ওই ঘূর্ণাবর্তটির প্রভাবে দক্ষিণবঙ্গের উপরের দিকে জেলা বীরভূম, মুর্শিদাবাদের দিকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। সামগ্রিকভাবে দক্ষিণবঙ্গের উপর ওই ঘূর্ণাবর্তর বিশেষ প্রভাব পড়বে না বলে মনে করা হচ্ছে। এরপর ১৩ সেপ্টেম্বর নাগাদ উত্তর-পশ্চিম ও লাগোয়া পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনার কথা জানানো হয়েছে। আবহাওয়াবিদরা মনে করছেন, বঙ্গোপসাগরের ওই জায়গায় কোনও নিম্নচাপ হলে সেটির প্রভাব দক্ষিণ ওড়িশা-উত্তর অন্ধ্রর উপর সাধরণত পড়ে থাকে।



