Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রাস্তা নেই, আউশগ্রামে খাটিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে রোগী, ভাইরাল ভিডিও

রাস্তা নেই, আউশগ্রামে খাটিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে রোগী, ভাইরাল ভিডিও
  • ৯ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মানকর: আউশগ্রাম-২ ব্লকের দেবশালা পঞ্চায়েতের আমানিডাঙা গ্রামের রাস্তার হাল দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে। রাস্তার অবস্থা এতই খারাপ যে, এলাকায় কোনও যানবাহন ঢুকতে পারছে না। খাটিয়ার করে রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে স্বাস্থ্যকেন্দ্রে। এমনই ভিডিও পোস্ট করে রাজ্য সরকারের ভূমিকায় সরব হলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। ভিডিওতে দেখা যাচ্ছে, রাতের অন্ধকারে জমির মধ্যে দিয়ে জল পেরিয়ে রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে। রোগী খাটিয়ায় শুয়ে রয়েছে। উপস্থিত থাকা অন্যান্যরা টর্চ জ্বালিয়ে পথ চলছেন। 

Advertisement

সোশ্যাল মিডিয়ায় সৌমিত্র খাঁর অভিযোগ, আদিবাসী সামাজিক উন্নয়নের জন্য কেন্দ্র সরকার হাজার হাজার কোটি টাকা পাঠালেও রাজ্য সরকার তার কানাকড়িও খরচ করে না। বিষয়টি নিয়ে তৃণমূলের পঞ্চায়েত প্রধান বীথিকা মেটে বলেন, ওখানে কিছুটা রাস্তা করা হয়েছিল। কিন্তু বাকি জায়গা ব্যক্তিগত মালিকানাধীন থাকায় আর করা যায়নি। পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় রাস্তা তৈরি হচ্ছে। ওখানেও সমস্যা সমাধান করতে আমরা উদ্যোগী। আমরা সব সময় আদিবাসীদের সঙ্গেই রয়েছি।
বিজেপি সাংসদ এই ভিডিওটি শেয়ার করার পরেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেস নেতা জয়গোপাল দে বলেন, ওই ব্লকজুড়ে শাসকদলের ছত্রচ্ছায়ায় মাফিয়া রাজ চলছে। অথচ আদিবাসী ভাইবোনদের সমস্যা দেখেও প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না। সিপিএম নেতা কোহিনুর গঙ্গোপাধ্যায় বলেন, মুখে উন্নয়নের কথা বললেও আদতে তৃণমূল নেতাদেরই ব্যক্তিগত উন্নয়ন হচ্ছে। আদিবাসীরা যে সরকারি সুবিধা থেকে বঞ্চিত এই ঘটনাই তার প্রমাণ। বিষয়টি নিয়ে তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, ওখানে রাস্তা নেই তা নয়। কিন্তু কয়েকজন জমির মালিক আপত্তি করায় রাস্তাটি পাকা করা যায়নি। আর বিজেপি সাংসদ যে কেন্দ্রের টাকা পাঠানোর কথা বলছেন, কেন্দ্র টাকা দিচ্ছে না বলেই তো রাজ্যের মুখ্যমন্ত্রীকে বারবার দরবার করতে হচ্ছে।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ