নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অভিযোগ, পর্যাপ্ত পরিবহণ অমিল। নেই বাস। উত্তরবঙ্গের বানারহাট এবং কারবালা চা বাগানের ছেলেমেয়েরা স্কুলে যেতে সমস্যায় পড়ছে? শুক্রবার রাজ্যসভায় এই সংক্রান্ত লিখিত প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর এড়িয়েই গেল শিল্প ও বাণিজ্যমন্ত্রক। পরিবর্তে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী লিখিতভাবে জানালেন, সংশ্লিষ্ট দু’টি চা বাগানের ছেলেমেয়েদের স্কুলে যাওয়ার জন্য ‘লাইট কমার্শিয়াল ভেহিক্যালস’ (এলসিভি) রয়েছে।
এদিন রাজ্যসভায় এই সংক্রান্ত প্রশ্ন করেছিলেন তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তারই লিখিত জবাবে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বুঝিয়ে দিয়েছেন যে, ওই চা বাগান দু’টিতে তেমন কোনও সমস্যা নেই। শুক্রবার তিনি জানিয়েছেন, উত্তরবঙ্গের বানারহাট এবং কারবালা চা বাগান দু’টি অ্যান্ড্রু ইয়ুল অ্যান্ড কোম্পানি লিমিটেডের আওতাধীন। এটি কেন্দ্রীয় ভারী শিল্পমন্ত্রকের অধীনস্ত। সংশ্লিষ্ট মালিকপক্ষ চা বাগানের স্কুল পড়ুয়া ছেলেমেয়েদের জন্য যথাযথ ব্যবস্থা করেছে। ঋতব্রতর অভিযোগ, মোদি সরকার সম্পূর্ণ অসত্য তথ্য দিয়েছে। চা পাতা পরিবহণের ছোট ছোট ট্রাকে স্কুলে যেতে হয় ওইসব ছেলেমেয়েকে। তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক।