Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গলসি বাজারে বাসস্ট্যান্ডে নেই যাত্রী প্রতীক্ষালয়, ক্ষোভ নিত্যযাত্রীদের

গলসি বাজারে বাসস্ট্যান্ডে নেই যাত্রী প্রতীক্ষালয়, ক্ষোভ নিত্যযাত্রীদের
  • ৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মানকর: ঝড়-জল হোক কিংবা চড়া রোদ। যে কোনও পরিস্থিতিতে খোলা আকাশের নীচে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করতে হয় যাত্রীদের। গলসি বাজারের বাসস্ট্যান্ডে এমনই দৃশ্য দেখা যায়। ব্লকের অন্যতম বড় বাজার এখানে। রয়েছে একাধিক স্কুল ও ব্যাঙ্ক। এইসব কারণে গলসিতে বহু মানুষের যাতায়াত। বেশিরভাগ মানুষই এখান থেকে বাস ধরেন। কিন্তু বাজারে নেই যাত্রী প্রতীক্ষালয়। ফলে দূরদূরান্ত থেকে আসা মানুষজন খুব সমস্যায় পড়ছেন। প্রশাসনের পরিকল্পনায় স্থায়ী প্রতীক্ষালয়ের বিষয়টি রয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গলসির উপর দিয়ে আসানসোল, বরাকর, কৃষ্ণনগর, কাটোয়া, আরামবাগ সহ একাধিক দূরপাল্লার বাস যায়। কিন্তু যাত্রী প্রতীক্ষালয় না থাকায় যাত্রীদের সমস্যা হচ্ছে। বেলান এলাকার বাসিন্দা সৌরভ দাস বলেন, বধর্মান যাওয়ার দিকে কোনও যাত্রী প্রতীক্ষালয় নেই। আসানসোল যাওয়ার দিকে একটি যাত্রী প্রতীক্ষালয় থাকলেও তা খুব ঘিঞ্জি অবস্থায় রয়েছে। অনেকে যাত্রী জানেন না সেখানে যাত্রী প্রতীক্ষালয় রয়েছে। ফলে তাঁরা রাস্তার ধারে দোকানের সামনেই বাসের জন্য অপেক্ষা করেন। যাত্রী প্রতীক্ষালয় হলে খুবই সুবিধা হবে। 

Advertisement

স্থানীয় বাসিন্দারা জানান, গলসি এলাকাটি জনবহুল। পাশাপাশি এখানে বিভিন্ন অফিস ও বড় বাজার থাকায় নিকটবর্তী গ্রামগুলির বাসিন্দারা এই এলাকার উপর নির্ভর করেন। অনেকেই বাসে করে বাজার করতে আসেন। এখানে যোগাযোগের প্রধান মাধ্যম বাস। বর্ধমান যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন মলয় চক্রবর্তী। তিনি বলেন, গলসির উপর দিয়ে দিনে কয়েকশো বাস চলে। যাত্রীদের ভিড়ও থাকে। অথচ কোনও প্রতীক্ষালয় নেই। সেজন্য রাস্তার ধারে দোকানে অনেকে দাঁড়াতে যান। এতে ব্যবসায়ীদেরও সমস্যা হয়। এই এলাকায় একাধিক বিদ্যালয় রয়েছে। বিদ্যালয়ে পড়তে পুরষা, খেতুড়া সহ একাধিক গ্রাম থেকে বহু পড়ুয়া আসে। মূলত বাসের উপর ভরসা করেই চলে যাতায়াত। কিন্তু যাত্রী প্রতীক্ষালয় না থাকার জন্য পড়ুয়াদের রোদ, বৃষ্টিতে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়। 
এক অভিভাবক বলেন, পড়ুয়াদের খুবই অসুবিধা হয়। প্রতীক্ষালয় হলে পড়ুয়া সহ এলাকার সকলের সুবিধা হবে। বিষয়টি নিয়ে সিপিএম নেতা সোনা মুখোপাধ্যায় বলেন, বাসস্ট্যান্ডে প্রতীক্ষালয়ের দাবি দীর্ঘদিনের। মানুষের ভোগান্তি হচ্ছে। কিন্তু প্রশাসনের নজর নেই। কংগ্রেসের গলসি-২ ব্লকের সভাপতি অসীম দত্ত বলেন, এই বাজার গলসির প্রাণকেন্দ্র। থানা, ব্যাঙ্ক, স্কুল রয়েছে এলাকায়। ফলে বহু মানুষ আসেন। কিন্তু প্রতীক্ষালয় না থাকার জন্য যেখানে সেখানে দাঁড়াতে হয় যাত্রীদের। কিছু বাসও নির্দিষ্ট স্টপেজে না দাঁড়িয়ে রাস্তার উপর থেমে যায়। ফলে যানজট হয়। প্রশাসনের নজর দেওয়া উচিত। 
গলসি-২ ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি হেমন্ত পাল বলেন, ওখানে স্থায়ী প্রতীক্ষালয় হলে সকলের সুবিধা হবে। বিষয়টি আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ