Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

‘মা তুমি ছাড়া কেউ নেই, আমাদের একটু দেখো’, মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে আবেগতাড়িত বৃদ্ধ

‘এসআইআর হলে আমাদের কি হবে?’ এই আশঙ্কা প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কেঁদেই ফেললেন এক ব্যক্তি।

‘মা তুমি ছাড়া কেউ নেই, আমাদের একটু দেখো’, মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে আবেগতাড়িত বৃদ্ধ
  • ২৬ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কুন্তল পাল, বনগাঁ:  ‘এসআইআর হলে আমাদের কি হবে?’ এই আশঙ্কা প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কেঁদেই ফেললেন এক ব্যক্তি। তাঁকে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার এসআইআরের প্রতিবাদে বনগাঁয় সভা ছিল। তা শেষ করে গাইঘাটার চাঁদপাড়ায় মিছিল করেন মুখ্যমন্ত্রী। ঢাকুরিয়া স্কুলের সামনে মিছিল শেষ হয়। সে সময় মতুয়া সম্প্রদায়ের একজন এগিয়ে এসে মুখ্যমন্ত্রীকে প্রথমে নমস্কার করেন। তারপরই তাঁর হাত ধরে কেঁদে ফেলেন হাউ হাউ করে। বলেন, ‘মা, তুমি আমাদের দেখো। তুমি ছাড়া আমাদের কেউ নেই। জানি না এই যন্ত্রণা থেকে আমরা কি করে মুক্তি পাব।’ ওই ব্যক্তি জানিয়েছেন, মমতা তাঁকে আশ্বস্ত করেছেন। জানিয়েছেন, কাঁদবেন না। আমি আছি। আমি পাশে থাকব। বাগদার আষাড়ুর বাসিন্দা ওই ব্যক্তির নাম সুবোধ বিশ্বাস। ক্ষমতায় আসার আগে থেকে তিনি তৃণমূলের সমর্থক। বাগদায় মমতা বন্দ্যোপাধ্যায় পা রাখলেই ছুটে যান। কিছুদিন আগে ঠাকুরবাড়িতে মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে অনশনেও বসেছিলেন। এদিন তিনি ক্ষোভের সঙ্গে বলেন, ‘কেন্দ্রীয়মন্ত্রী আমাদের রোহিঙ্গা বলছেন। বলছেন আমরা নাকি অনুপ্রবেশকারী মুসলমান।’ এদিন মুখ্যমন্ত্রীর মিছিলে যোগ দিতে এসে নিজেদের দাবি ও অধিকারের কথা তুলে ধরেন মতুয়ারা। হাবড়া থেকে মিছিলে যোগ দিতে এসেছিলেন নিরাপদ বিশ্বাস। তিনি বলেন, ‘আমাদের অধিকারের কথা তুলে ধরতে আজ মিছিলে হেঁটেছি। দিদির কাছে একটাই দাবি, কোনও মতুয়া যাতে ভোটাধিকার থেকে বঞ্চিত না হয় সেটা তিনি দেখুন।’ মিছিলে ডঙ্কা-কাঁসর নিয়ে বহু মানুষ যোগ দেন। মমতাকে দেখে এগিয়ে আসেন বহু মহিলা। মুখ্যমন্ত্রীকে একবার ছোঁয়ার জন্য আপ্রাণ চেষ্টা তাঁদের। রাস্তার পাশে শিশু কোলে দাঁড়িয়ে ছিলেন এক মহিলা। মায়ের কোল থেকে শিশুটিকে কোলে তুলে নেন মমতা। তাঁর স্নেহের স্পর্শ পায় শিশুটি। এছাড়া স্কুল পড়ুয়াদের কাছে টেনে আদর করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ