Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ঘোষপাড়া কালভার্ট থেকে গৌরাঙ্গ সেতু যাওয়ার রাস্তায় নেই আলো

নবদ্বীপের ঘোষপাড়া কালভার্ট থেকে গৌরাঙ্গ সেতু যাওয়ার রাস্তায় নেই কোনও আলোর ব্যবস্থা

ঘোষপাড়া কালভার্ট থেকে গৌরাঙ্গ সেতু যাওয়ার রাস্তায় নেই আলো
  • ২২ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপের ঘোষপাড়া কালভার্ট থেকে গৌরাঙ্গ সেতু যাওয়ার রাস্তায় নেই কোনও আলোর ব্যবস্থা। সন্ধ্যা নামলেই অন্ধকারের মধ্যে দিয়ে যানবাহন চালক ও পথচারীদের চলাচল করতে সমস্যায় পড়তে হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তায় আলো না থাকায় যেকোনও দিন দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু, এব্যাপারে কোনও হেলদোল নেই প্রশাসনের।

Advertisement

মহিশুরা পঞ্চায়েতের ঘোষপাড়া কালভার্টের তেমাথা মোড়ের কাছ থেকে গৌরাঙ্গ সেতু যাওয়ার রাস্তাটি নবদ্বীপ শহরে প্রবেশের অন্যতম প্রধান পথ। গৌরাঙ্গ সেতু থেকে নেমে এই রাস্তা দিয়ে একদিকে নবদ্বীপ ধাম স্টেশনে যাওয়া যায়। অন্যদিকে, কোলেরডাঙা হয়ে নবদ্বীপ শহর ও শ্মশানঘাটে যাওয়া যায়। আবার, মহিশুরা পঞ্চায়েত এলাকায় রয়েছে কালীনগর হল্ট স্টেশন। গুরুত্বপূর্ণ এই রাস্তাটিতে আলো না থাকায় নাজেহাল স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দূরবর্তী যাত্রীরা।
স্থানীয়দের অভিযোগ, এই অন্ধকারের সুযোগ নিয়েই সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত রাস্তার উপর বাইক বা চারচাকা দাঁড় করিয়ে চলছে গল্প-গুজব। চলে অসামাজিক কাজকর্মও। এমনকী, পার্শ্ববর্তী পূর্ব বর্ধমান জেলার আশপাশের বেশকিছু এলাকা থেকে অল্পবয়সি ছেলেমেয়েদের ভিড় বাড়ছে। ফলে গৌরাঙ্গ সেতু থেকে ঘোষপাড়ার মোড় হয়ে নবদ্বীপ শহর বা মহিশুরা পঞ্চায়েত যাওয়ার রাস্তায় যানবাহন নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে সকলকে। পাশাপাশি নবদ্বীপ শ্মশানে মৃতদেহ সৎকার করতে আসা যানবাহন চালকরাও সমস্যায় পড়ছেন। সম্প্রতি নবদ্বীপ পুরসভা ঘোষপাড়া মোড়ের একটি খুঁটিতে গৌরাঙ্গ সেতুর ঢাল বরাবর আলো লাগিয়েছে। তাতে কিছুটা অংশে আলো পৌঁছলেও অধিকাংশ এলাকাটি এখনও অন্ধকার হয়ে থাকছে।
হেরিটেজ শহর চৈতন্যভূমি নবদ্বীপে প্রতিদিনই পুণ্যার্থী-পর্যটকরা ভিড় করেন। ওই রাস্তাটি এমনিতেই সঙ্কীর্ণ। নবদ্বীপের বেশ কয়েকটি মন্দির দর্শন করতে আসার অন্যতম রাস্তা এটি। স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে রাস্তাটিতে আলো এবং  ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হোক।
স্থানীয় কোলেরডাঙার বাসিন্দা স্বপন ঘোষ বলেন, বন্ধু-বান্ধবদের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা চায়ের আসরে যোগ দিচ্ছেন বেশকিছু যুবক-যুবতী। সামাজিক পরিস্থিতিরও অবনতি ঘটেছে। এলাকায় বাইরের লোকের আনাগোনা বেড়েছে। মহিশুরা পঞ্চায়েতের সদস্য পিন্টু ঘোষ বলেন, ওই এলাকায় আলো লাগানোর জন্য পঞ্চায়েতে তেমন কোনও ফান্ড নেই। জেলা পরিষদের কাছে ঘোষপাড়া তেমাথার মোড়ে একটি হাইমাস্ট লাইট লাগানোর প্রস্তাব পাঠানো হয়েছে। দ্রুত আলোর ব্যবস্থা করা হবে বলে জেলা পরিষদ জানিয়েছে। সম্প্রতি নবদ্বীপ পুরসভার তরফে ঘোষপাড়ায় একটিমাত্র হ্যালোজেন আলো লাগানো হয়েছে। তাতে কিছুটা জায়গা আলোকিত হলেও পুরো জায়গায় আলো পৌঁছচ্ছে না। পাশাপাশি আমাদের দাবি, বন্ধ করা হোক বেআইনি পার্কিংও। নবদ্বীপ থানার আইসি জলেশ্বর তেওয়ারি বলেন, ওই রাস্তায় আলো লাগানো হলে জনগণের সুবিধা হবে। দুর্ঘটনাও কম হবে। এছাড়া, বিভিন্ন ধরনের অপরাধ কমবে। যাঁরা ট্রাফিক আইন না মেনে রাস্তাজুড়ে পার্কিং করছেন, এবার তাঁদের বিরুদ্ধে আইন মোতাবেক কড়া ব্যবস্থা নেওয়া হবে। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ