Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রাজ্যে আপাতত ঘূর্ণিঝড় নয়

রাজ্যে আপাতত ঘূর্ণিঝড় নয়
  • ১৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আপাতত বঙ্গোপসাগর ও আরবসাগরে কোনও ঘূর্ণিঝড় তৈরি  হচ্ছে না। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার যে দীর্ঘকালীন পূর্বাভাস (২৯ মে পর্যন্ত সময় পর্যন্ত) জারি করেছে তাতে ঘূর্ণিঝড়ের ব্যাপারে কোনও ইঙ্গিত দেওয়া হয়নি। ঘূর্ণিঝড় ‘শক্তি’ বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে বলে গত কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে খবর ছড়াচ্ছিল। এর জেরে বিভিন্ন মহলে আশঙ্কাও তৈরি হচ্ছিল। আবহাওয়া দপ্তর অবশ্য তখনই জানিয়ে দিয়েছিল, ঘূর্ণিঝড় নিয়ে তারা এখনও কিছু বলেনি। বঙ্গোপসাগরে শুধু একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এদিনের দীর্ঘকালীন পূর্বাভাসে জানানো হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি রয়েছে সেটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হলেও বিশেষ শক্তিশালী হবে না। তবে ২৩ থেকে ২৯ মে’র মধ্যে আরব সাগর ও বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত-নিম্নচাপ তৈরি হতে পারে। আরব সাগরের নিম্নচাপটির শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা কম বলে জানানো হয়েছে। অন্যদিকে, বঙ্গোপসাগরে বর্ষার অগ্রগতির মধ্যে ২৯ মে’র আশপাশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। এটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে। এই নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করবে  কি না সেই ব্যাপারে বৃহস্পতিবারের দীর্ঘকালীন পূর্বাভাসে কোনও কিছু বলা হয়নি। আগামী ২২ মে আবহাওয়ার দপ্তর ফের যে দীর্ঘকালীন বার্তা জারি করবে সেখানে এই নিম্নচাপটির পরবর্তী গতিপ্রকৃতির ইঙ্গিত পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। সব মিলিয়ে মে মাসটি বঙ্গোপসাগর ঘূর্ণিঝড় সৃষ্টির পক্ষে অনুকূল হলেও এবার সেরকম কিছু হবে কি না, তা এখনও অনিশ্চিত। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ