Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গৌড়বঙ্গে আগামী কয়েকদিন ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা

দাবদাহের বদলে চৈত্রের মাঝামাঝিতেও অব্যাহত ঠান্ডার রেশ। গৌড়বঙ্গের জেলাগুলিতে খামখেয়ালি আবহাওয়ায় মানুষজন স্বস্তি পেলেও আচমকা ঝড়বৃষ্টিতে বিক্ষিপ্তভাবে ফসল নষ্টের ঘটনা ঘটছে।

গৌড়বঙ্গে আগামী কয়েকদিন  ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা
  • ৩০ মার্চ, ২০২৬ ১৪:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ, মালদহ ও সংবাদদাতা, হিলি: দাবদাহের বদলে চৈত্রের মাঝামাঝিতেও অব্যাহত ঠান্ডার রেশ। গৌড়বঙ্গের জেলাগুলিতে খামখেয়ালি আবহাওয়ায় মানুষজন স্বস্তি পেলেও আচমকা ঝড়বৃষ্টিতে বিক্ষিপ্তভাবে ফসল নষ্টের ঘটনা ঘটছে। উত্তর দিনাজপুরের চোপড়া, ইসলামপুরে ইতিমধ্যে ভুট্টা নষ্ট হয়েছে। চোপড়ায় প্রায় ২৫০ হেক্টর এবং ইসলামপুরে প্রায় ৯০ হেক্টর জমির ভুট্টা ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ জানতে ইতিমধ্যে সমীক্ষা শুরু করেছে কৃষি দপ্তর। অন্যদিকে এখনও গৌড়বঙ্গজুড়ে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস আছে।

Advertisement

সিকিম আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মেঘলা আকাশ, ঠান্ডা হাওয়ার জন্য গৌড়বঙ্গের আবহাওয়া যথেষ্ট আরামদায়ক। তবে ঝড়বৃষ্টির ভ্রুকুটি এখনই কাটছে না। সিকিম আবহাওয়া দপ্তরের আধিকারিক গোপীনাথ রাহা বলেন, চলতি সপ্তাহে গৌড়বঙ্গের জেলাগুলিতে আচমকা ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার কারণ, বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত সেখানকার জলীয় বাষ্প দক্ষিণী হাওয়া হিসেবে উত্তরবঙ্গে আসছে। উল্টোদিকে বইছে পশ্চিমী হাওয়া। যার ফলে দুই বিপরীতধর্মী হাওয়ায় আচমকা মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন বজ্রগর্ভ ঝড়বৃষ্টি হতে পারে। ফলে কোথাও কোথাও ভুট্টার মতো ফসল নষ্ট হতে পারে। 
উত্তর দিনাজপুর জেলার কৃষি আধিকারিক প্রিয়নাথ দাস বলেন, জেলায় অন্যান্য জায়গায় ক্ষয়ক্ষতি না হলেও চোপড়া ও ইসলামপুরে ভুট্টার মতো ফসলে আচমকা ঝড়ের প্রভাব পড়েছে। নির্দিষ্টভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কৃষি অধিকারিকরা কিছু প্রান্তিক এলাকায় সমীক্ষা চালাচ্ছেন। তারপরই স্পষ্ট হবে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। তবে প্রাথমিকভাবে চোপড়ায় ২৫০ হেক্টর ও ইসলামপুরে ৮০ থেকে ৯০ হেক্টর জমিতে ফসল নষ্ট হয়েছে। 
মালদহ জেলায় ঠান্ডা হাওয়ার রেশ থাকলেও ঝড়বৃষ্টির তেমন কোনো খবর নেই। ফলে ফসল ক্ষয়ক্ষতির বিষয়টিও এই জেলায় নেই বলে কৃষিদপ্তর সূত্রে খবর। জেলা কৃষি আধিকারিক বিদ্যুৎ বর্মন বলেন, ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও এই জেলায় তার কোনো প্রভাব নেই। আলু, ভুট্টার খেত সুরক্ষিত আছে। দপ্তরের আধিকারিকরা প্রত্যেক ব্লকে নজরদারি রাখছেন। কোথাও কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 
দক্ষিণ দিনাজপুর জেলাতেও আরামদায়ক আবহাওয়া। জেলার মাঝিয়ান আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক সুমন সূত্রধর জানান, আগামী ১ এপ্রিল পর্যন্ত জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কাল, সোমবার বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া ও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সম্পর্কিত সংবাদ