আজ থেকে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
  • ৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবিবার কালীপুজো-দেওয়ালির উৎসব বৃষ্টিহীন কাটলেও আজ সোমবার থেকে রাজ্যে অবস্থার পরিবর্তন হবে। জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে এরকম সম্ভাবনা থাকছে বুধবার পর্যন্ত। আজ সোমবার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া,  নদীয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর জেলার কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। মঙ্গলবার এই জেলাগুলি ছাড়া হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা আছে। ওইদিন বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুর জেলার কিছু অংশে। উত্তরবঙ্গে আজ মালদহ ও দুই দিনাজপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ পুবালি বাতাস ও  পশ্চিমি শুকনো বাতাসের সংঘাতের জন্য বৃষ্টির মেঘ তৈরি হবে রাজ্যের বিভিন্ন জায়গায়। 

Advertisement

কয়েকদিন ধরে শুকনো পশ্চিমি হাওয়ার সক্রিয়তার জন্য সর্বনিম্ন তাপমাত্রা কমার প্রবণতা রবিবারও বজায় ছিল। দক্ষিণবঙ্গের মধ্যে ঝাড়গ্রামে সর্বনিম্ন তাপমাত্রা সবচেয়ে কম (১৭.৬ ডিগ্রি সেলসিয়াস) ছিল। উত্তরবঙ্গের সমতল এলাকায় সবচেয়ে কম তাপমাত্রা ছিল কোচবিহারে (১৬.৭ ডিগ্রি)। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ৮-৯ ডিগ্রিতে নেমেছে। বাতাসে জলীয় বাষ্প বৃদ্ধির জন্য আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা ফের কিছুটা বাড়বে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি থেকে বেড়ে ২৩-২৪ ডিগ্রিতে পৌঁছাতে পারে।