ভাইফোঁটায় মিষ্টির ব্যাপক চাহিদা, ছানা এক লাফে ৩৩৫ টাকা কেজি
  • ১০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কালনা: ভাইফোঁটা উপলক্ষ্যে মিষ্টির ব্যাপক চাহিদা রয়েছে। সেকারণে সোমবার কালনায় কেজি প্রতি ছানার দাম ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়ে ৩৩৫ টাকায় থামল, যা ভাইফোঁটার বাজারে রেকর্ড দাম বলে দাবি মিষ্টির দোকানদারদের। ছানার দর ঊর্ধ্বমুখী থাকায় বিক্রেতাদের মুখে হাসি ফুটেছে। তবে ভালো মিষ্টি তুলে দিত হিমশিম খেতে হচ্ছে মিষ্টির দোকানদারদের। তাঁদের দাবি, কিছুদিন আগেই একধাক্কায় চিনির দাম অনেকটা বেড়েছে। তার উপর ছানার দামও বাড়ছে।

Advertisement

কালনা স্টেশন সংলগ্ন এসটিকেকে রোডের ধারে তেঁতুলতলা মোড়ে রয়েছে মহকুমার বৃহত্তম ছানার পাইকারি বিক্রয়কেন্দ্র। এখানে কালনা ছাড়াও কাটোয়া, দাঁইহাট, পূর্বস্থলী ও হুগলি ছাড়াও নদীয়া জেলার একাংশ থেকে প্রতিদিন বহু কারবারি ছানা বিক্রি করতে আসেন। গড়ে প্রতিদিন ১৮-২০ কুইন্টাল ছানা বিক্রি হয়। পুজো-পার্বণ বা বিয়ের মাসগুলিতে ছানা বিক্রি ২৫-৩০ কুইন্টাল পার হয়ে হয়ে যায়। দুর্গাপুজোর আগেও ছানার দর ছিল কেজি প্রতি ১৬০-১৭০টাকা। উৎসব বা পার্বণে তা অনেকটাই বেড়ে যায়। ভাইফোঁটায় মিষ্টির ব্যাপক চাহিদা থাকে। সেকারণে গত কয়েকদিন ধরে ২০০টাকার উপর ছানা বিক্রি হচ্ছিল। সোমবার জোগানের তুলনায় চাহিদা বেড়ে যাওয়ায় এক লাফে ছানার কেজি প্রতি দাম বেড়ে দাঁড়ায় ৩৩৫টাকা। 
ছানা বিক্রেতা জিৎ ঘোষ, জীবনরাম ঘোষ বলেন, অন্য সময় ছানা বিক্রি করে শুধু গোরুর খাবারের খরচ ওঠে। সেভাবে লাভের মুখ দেখা যায় না। গোরুর খাবারের দামও বৃদ্ধি পাচ্ছে। উৎসবের দিনগুলিতে ও বিয়ের মাসে দাম একটু ঊর্ধ্বমুখী থাকায় কিছুটা লাভের মুখ দেখা যায়। ছানার আড়তদার বাপি পাল বলেন, বহু পুরানো এই ছানার পাইকারি বাজারে বিভিন্ন জেলা থেকে গোপালক ও ছানা কারবারিরা আসেন। চাহিদার উপর নির্ভর করে নিলামে দাম ঠিক হয়। পুজো বা উৎসবের মরশুমে প্রতিদিন ২৫-৩০ কুইন্টাল ছানা বিক্রি হয়। কলকাতা সহ বিভিন্ন জায়গা থেকে মিষ্টির দোকানদাররা এসে ও ফোনের মাধ্যমে বুকিং করে ছানা কেনেন। রবিবার কেজি প্রতি ছানার দাম ছিল ২৯২টাকা। সোমবার তা বেড়ে দাঁড়ায় কেজি প্রতি ৩৩৫ টাকা।
কালনার মিষ্টির দোকানদার রণজিৎ মোদক বলেন, ছানার দাম অনেকটাই ঊর্ধ্বমুখী। ছানার দর বেশি থাকায় দুধের জোগানও কমে গিয়েছে। ক্ষীরের তৈরি মিষ্টি বানাতে বেশি দামে দুধ কিনতে হচ্ছে। কিছুদিন আগেই চিনির দাম একধাক্কায় অনেকটা বেড়েছে। তবুও লাভের অঙ্ক কমিয়ে দোকানের সুনাম ধরে রাখতে ক্রেতাদের সাধ্যের মধ্যে মিষ্টি তৈরি করা হচ্ছে। ক্ষীরকদম, রসমালাই, ভাইফোঁটা সন্দেশ, পেটি ইলিশ, রাজভোগ, রসগোল্লা সহ নানারকম মিষ্টি রয়েছে।